মালাবির ভাইস প্রেসিডেন্ট সলোস চিলিমা বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ল্যাজারাস চাকবেরা এক বিবৃতিতে চিলিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বাংলাদেশ সময় গতকাল সোমবার রাতে চিলিমাকে বহনকারী একটি বিমান নিখোঁজ হয়েছে বলে খবর প্রকাশ করেছিল বিবিসি।
বিধ্বস্ত হওয়া সামরিক বিমানটিতে ৫১ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট চিলিমা ছাড়াও আরও ৯ আরোহী ছিলেন। গতকাল সকালে এটি মালাবির রাজধানী লিলংবে থেকে যাত্রা করে উত্তরাঞ্চলীয় শহর এমজুজুতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য এমজুজুর বিমানবন্দরে অবতরণ করতে না পেরে বিমানটি আবারও রাজধানীতে ফিরে আসছিল বলে জানা গেছে।
চিলিমার মৃত্যুর খবর দিয়ে মালাবির প্রেসিডেন্ট ল্যাজারাস চাকবেরা বলেছেন, ‘অনুসন্ধান এবং উদ্ধারকারী দল ইতিমধ্যে বিমানটিকে খুঁজে পেয়েছে। বিমানটি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং কেউই বেঁচে নেই। বিমানে থাকা সবাই ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।’
প্রেসিডেন্ট চাকবেরা আরও বলেন, ‘ঘটনাটি এতটাই হৃদয়বিদারক যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এটি একটি মারাত্মক ট্র্যাজেডি।’
বিধ্বস্ত বিমানে মালাবির ভাইস প্রেসিডেন্ট চিলিমা ছাড়াও দেশটির সাবেক ফার্স্ট লেডি শানিল জিমবিরিও ছিলেন। এএফপির হাতে আসা দুর্ঘটনাস্থলের কিছু ছবিতে দেখা গেছে, কুয়াশাচ্ছন্ন একটি ঢালে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের কাছে কয়েকজন সেনা সদস্য অবস্থান করেছেন।
বিমান নিখোঁজের বিষয়টি চাউর হতে এটির অনুসন্ধানে কাজ শুরু করেছিল মালাবির সেনাবাহিনী। দেশটির আর্মি কমান্ডার জেনারেল পল ভ্যালেন্টিনো ফিরি জানিয়েছেন, এই অনুসন্ধানকাজে ড্রোন এবং হেলিকপ্টার নিয়ে অংশ নিয়েছিল প্রতিবেশী দেশগুলো ছাড়াও আরও কয়েকটি দেশ।
এর আগে গতকাল রাতে বিবিসি জানিয়েছিল—স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি মালাবির উত্তরাঞ্চলে অবস্থিত এমজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। ভাইস প্রেসিডেন্ট চিলিমা তিন দিন আগে মারা যাওয়া দেশটির সাবেক মন্ত্রী রালফ কাসাম্বারার সমাধিতে শ্রদ্ধা জানাতে সরকারের প্রতিনিধি হিসেবে যাচ্ছিলেন।
২০২২ সালে চিলিমা গ্রেপ্তারের মুখোমুখি হয়েছিলেন। সে সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল—তিনি সরকারি চুক্তির জন্য ঘুষ গ্রহণ করেছিলেন। গত মাসে দেশটির আদালত কোনো কারণ না দেখিয়ে অভিযোগটি খারিজ করে দেন।
রাজনৈতিক কর্মজীবনের আগে চিলিমা ইউনিলিভার এবং কোকা-কোলার মতো বহুজাতিক কোম্পানির প্রধান হিসেবে ভূমিকা পালন করেছিলেন। সরকারি ওয়েবসাইটে তাঁকে দক্ষ, কাজপাগল এবং সাফল্য লাভ করা ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে