ব্যথামুক্তি বা প্রদাহ কমাতে বহুল ব্যবহৃত সাধারণ কিছু ওষুধ ব্যবহারের ক্ষেত্রে ভোক্তাদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, আইবুপ্রোফেন-এর মতো সাধারণ ব্যথানাশক ওষুধ কিডনির কার্যকারিতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
কিডনি কেয়ার ইউকে এবং ন্যাশনাল ফার্মাসি অ্যাসোসিয়েশন (এনপিএ) সতর্ক করে বলেছে, যারা ইতিমধ্যে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো কিডনি রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছেন, তাদের এই ওষুধগুলো ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সাবধান হওয়া উচিত।
নন-স্টারয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ যেমন—আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন এবং ডাইক্লোফেনাক রক্তচাপ বাড়িয়ে দিতে পারে এবং কিডনির অভ্যন্তরের রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
ন্যাশনাল ফার্মাসি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অলিভিয়ার পিকার্ড বলেন, ‘ওষুধের যেমন নিরাময় করার ক্ষমতা আছে, তেমনি ক্ষতি করার ক্ষমতাও রয়েছে। আইবুপ্রোফেনের মতো ওষুধগুলো কার্যকর এবং নিরাপদ হলেও রোগীদের এর প্রভাব সম্পর্কে সচেতন থাকা উচিত—বিশেষ করে যাদের কিডনি রোগের ঝুঁকি আছে।’ তিনি রোগীদের প্রয়োজনে বিকল্প ওষুধ ব্যবহারের কথা বিবেচনা করতে এবং কোনো সংশয় থাকলে ফার্মাসিস্টের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন।
ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে প্রায় ৭২ লাখ মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। এসব রোগের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনো উপসর্গ দেখা দেয় না। কিডনি কেয়ার ইউকের তথ্য অনুযায়ী, প্রায় ১০ লাখ মানুষ এখনো এ ধরনের রোগ নির্ণয়ের বাইরে রয়ে গেছেন।
সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছেন—ডায়াবেটিস আক্রান্ত রোগী, উচ্চ রক্তচাপের রোগী, যাদের পরিবারে কিডনি রোগী রয়েছে, কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মানুষ।
কিডনি কেয়ার ইউকের পলিসি ডিরেক্টর ফিওনা লাউড বলেন, ‘কিডনি রোগ যে কারও যেকোনো সময় হতে পারে এবং এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি আর্থিক ও পারিবারিক জীবনেও ভয়াবহ প্রভাব ফেলে।’ তিনি আরও বলেন, ‘কিডনির কার্যকারিতা ৯০ শতাংশ পর্যন্ত নষ্ট হয়ে গেলেও অনেক সময় মানুষ তা বুঝতে পারে না।’
সংস্থাটির এক জরিপে দেখা গেছে, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে প্রায় তিন লাখ মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। এর মধ্যে প্রায় এক-চতুর্থাংশ (২৪ শতাংশ) মানুষ জানিয়েছেন, তারা নিয়মিত চিকিৎসকের পরামর্শ ছাড়াই সাধারণ ব্যথানাশক ওষুধ সেবন করেন।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১২ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে