Ajker Patrika

চীনকে চিকিৎসায় সহযোগিতা সম্প্রসারণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
চীনকে চিকিৎসায় সহযোগিতা সম্প্রসারণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।

আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ আহ্বান জানান। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব (রুটিন দায়িত্ব) খোরশেদ আলম এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রস্তাবিত ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণে চীন সহযোগিতা করতে প্রস্তুত। সেটি সাধারণ হাসপাতাল হোক বা বিশেষায়িত—উভয় ক্ষেত্রেই সহায়তা দেওয়া হবে।

তিনি জানান, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে চীন থেকে চিকিৎসক দল বাংলাদেশে এসেছে। পাশাপাশি রোবটিক পুনর্বাসন কেন্দ্রে ৮২টি যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে এবং বাংলাদেশি চিকিৎসা কর্মীদের চীনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষায় নিয়োজিত চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের বিষয়ে সহযোগিতার আগ্রহও তিনি প্রকাশ করেন।

বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, চীনের সহযোগিতায় প্রস্তাবিত ১ হাজার শয্যার হাসপাতাল উত্তরবঙ্গে স্থাপন করা যুক্তিযুক্ত হবে, কারণ অঞ্চলটি তুলনামূলকভাবে অনুন্নত ও অবহেলিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত