
দেশে কয়েক দশকে ক্যানসার আক্রান্ত রোগী বেড়েছে অন্তত ১০ গুণ। এ সময়ে বেড়েছে চিকিৎসক, সহায়ক জনবল ও আধুনিক সরঞ্জাম। তিন দশকে ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, তবে তা পর্যাপ্ত নয়। দেশে ভালো মানের ক্যানসার চিকিৎসা পায় ১০ শতাংশ রোগী। ৯০ শতাংশের ক্ষেত্রে রোগীদের বিশ্বমানের ক্যানসার চিকিৎসার প্রবেশগম্যতা নেই।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘ক্যানসার চিকিৎসায় বাংলাদেশ, অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় আলোচকেরা এসব কথা বলেন। বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম এ সভার আয়োজন করে।
সভায় জানানো হয়, দেশে প্রতিবছর নতুন করে ক্যানসারে আক্রান্ত হয় ১ লাখ ৬৭ হাজার মানুষ। আর ক্যানসার আক্রান্ত হয়ে প্রতিবছর মারা যায় ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। দেশে খাদ্যনালি, ঠোঁট ও ফুসফুস ক্যানসারে আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি। আর নারীদের ক্ষেত্রে স্তন ক্যানসার এবং জরায়ুমুখ ক্যানসারে আক্রান্তের হার বেশি।
সভা সঞ্চালনা ও সভাপতিত্ব করেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি বলেন, ‘বাংলাদেশে গত ৩০ বছরে ক্যানসার চিকিৎসায় অগ্রগতি হয়েছে। তবে এখনো অনেক মানুষ ক্যানসার চিকিৎসার প্রবেশগম্যতার বাইরে। আমরা শতকরা ১০ ভাগ মানুষকে আন্তর্জাতিক মানের ক্যানসার চিকিৎসা দিতে পারি। আমাদের জাতীয় ক্যানসার নিয়ন্ত্রণ কৌশলপত্র প্রণয়ন করতে হবে।’
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন। তিনি বলেন, ‘দেশের মানুষ ক্যানসার চিকিৎসা নিয়ে খুব চিন্তিত থাকেন। দেখা যায়, প্রতিবছর ৫ থেকে ৭ বিলিয়ন ডলার এই রোগীদের কারণে দেশের বাইরে চলে যাচ্ছে। এই টাকাটা আয় করেন আমাদের দেশের পোশাকশ্রমিক বা অভিবাসী শ্রমিক। গরিব মানুষের কষ্টার্জিত টাকাগুলো আমরা অন্য দেশে ব্যয় করে আসছি।’
ক্যানসার সোসাইটির পরিচালক অধ্যাপক এম এ হাই বলেন, ক্যানসার চিকিৎসা রাজধানী ঢাকাকেন্দ্রিক, এর বাইরে চট্টগ্রামে একটু ভালো। কিন্তু পূর্ণাঙ্গ কোনো চিকিৎসা-সুবিধার ব্যবস্থা নাই। ক্যানসার প্রতিরোধ করতে হলে প্রথমে স্ক্রিনিং ব্যবস্থা বাড়াতে হবে।
আলোচনায় অংশ নেন গাইনি অনকোলজিস্ট অধ্যাপক সাবেরা খাতুন, ইউরো অনকোলজিস্ট অধ্যাপক এম এ সালাম, স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, ব্রেস্ট সার্জন শেখ ফরিদ আহমেদ, স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল্লাহ, ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক আলীয়া শাহনাজ প্রমুখ।
আলোচকেরা বলেন, ক্যানসার চিকিৎসা বিকেন্দ্রীকরণ করতে হবে। বিভাগীয় ও জেলা পর্যায়ে উন্নতমানের ক্যানসার চিকিৎসা পৌঁছে দিতে হবে। ক্যানসার রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
৬ ঘণ্টা আগে
রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
৩ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
৩ দিন আগে