
বাংলাদেশে ক্যানসারের বর্তমান পরিস্থিতি এবং এর বিস্তৃতি সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গবেষণায় উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। গবেষণার ফলাফল থেকে জানা যায়, প্রতি ১ লাখ জনসংখ্যার মধ্যে ১০৬ জন ক্যানসারে আক্রান্ত হন এবং প্রতি বছর নতুন করে ৫৩ জন রোগী যুক্ত হন। দেশের মোট মৃত্যুর ১২ শতাংশই ক্যানসারের কারণে।
গতকাল শনিবার বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান গবেষক পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমিত হিসাব অনুযায়ী (২০২২ সালের প্রতিবেদন), বাংলাদেশে প্রতিবছর ক্যানসারে আক্রান্ত হয় ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন। তখনকার জনসংখ্যা অনুসারে প্রতি লাখে ১০০ জন নতুন ক্যানসার রোগী দেখা দেয়।
গবেষণা পদ্ধতি:
২০২৩ সালের জুলাই থেকে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় জনসংখ্যা ভিত্তিক ক্যানসার রেজিস্ট্রি (পিবিসিআর) পরিচালিত হয়। ২ লাখ মানুষের ওপর পরিচালিত এই গবেষণায় ইন্টারনেট ভিত্তিক বিশেষ ক্যানসার নিবন্ধন সফটওয়্যার ব্যবহার করা হয়। গবেষণার তথ্য সংগ্রহ করা হয় ঘরে ঘরে গিয়ে সাক্ষাৎকারের মাধ্যমে। ২০২৪ সালের জুলাই মাসে একই পরিবারের ফলোআপ কার্যক্রম শুরু হয়েছে।
গবেষণার মূল তথ্য
মূল উপস্থাপনায় বিএসএমএমইউর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক মো. খালেকুজ্জামান বলেন, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় ৪৬ হাজার ৬৩১টি পরিবারের ২ লাখ ১ হাজার ৬৬৮ জনকে তাঁরা গবেষণার আওতায় নিয়েছেন। তাতে দেখা গেছে, ২১৪ জনের কোনো না কোনো ক্যানসার আছে। অর্থাৎ প্রতি এক লাখ মানুষের মধ্যে ক্যানসারে আক্রান্ত ১০৬ জন।
গবেষণায় ৩৮ প্রকার ক্যানসারের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত রোগীদের মধ্যে স্তন, মুখ, পাকস্থলী, শ্বাসনালি এবং জরায়ুমুখ ক্যানসার প্রধান।
পুরুষদের প্রধান ক্যানসার: শ্বাসনালি, পাকস্থলী, ফুসফুস, মুখ ও খাদ্যনালী।
নারীদের প্রধান ক্যানসার: স্তন, জরায়ুমুখ, মুখ, থাইরয়েড ও ওভারি (ডিম্বাশয়)।
ধূমপান ও তামাক সেবন: রোগীদের মধ্যে ৭৫.৮ শতাংশ পুরুষ এবং ৬০.৬ শতাংশ নারী পান, জর্দা ও তামাক সেবন করেন।
চিকিৎসা গ্রহণ: ৬০ শতাংশ রোগী বিভিন্ন চিকিৎসা গ্রহণ করেছেন, ৭. ৪ শতাংশ রোগী কোনো চিকিৎসা নেননি।
প্রাথমিক ফলাফল
গবেষণায় ৪৬ হাজার ৬৩১টি পরিবারের ২ লাখ ১ হাজার ৬৬৮ জন অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৪৮ দশমিক ৪ শতাংশ পুরুষ ও ৫১ দশমিক ৬ শতাংশ নারী।
শীর্ষ ৫টি ক্যানসার:
স্তন ক্যানসার (১৬.৮ শতাংশ)
মুখগহ্বরের ক্যানসার (৮.৪ শতাংশ)
পাকস্থলীর ক্যানসার (৭ শতাংশ)
কণ্ঠনালীর ক্যানসার (৭ শতাংশ)
জরায়ু ক্যানসার (৫.১ শতাংশ)
নারীদের মধ্যে ক্যানসারের হার:
স্তন ক্যানসার (৩৬.৪ শতাংশ)
জরায়ুমুখ ক্যানসার (১১.১ শতাংশ)
মুখগহ্বর ক্যানসার (১০.১ শতাংশ)
থাইরয়েড ক্যানসার (৭.১ শতাংশ)
ডিম্বাশয় ক্যানসার (৫ শতাংশ)
অতিরিক্ত রোগ:
হাইপারটেনশন (উচ্চ রক্তচাপ)—১৭ শতাংশ
ডায়াবেটিস—১১ শতাংশ
হৃদ্রোগ—৬ শতাংশ
কিডনি রোগ—৩ শতাংশ
স্ট্রোক—২ শতাংশ
ফলোআপ ও নতুন অন্তর্ভুক্ত ক্যানসার:
গবেষণায় ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত ১৩ হাজার ৪১১টি পরিবারের ৫৮ হাজার ৫৩৯ জনকে ফলো–আপ করা হয়েছে। এতে ধরা পড়া নতুন অন্তর্ভুক্ত শীর্ষ ৩টি ক্যানসারের মধ্যে:
ফুসফুস ক্যানসার—১৬.১ শতাংশ
যকৃতের ক্যানসার—১২.৯ শতাংশ
কণ্ঠনালীর ক্যানসার—১২.৯ শতাংশ
মুক্ত আলোচনায় অংশ নিয়ে একাধিক অংশগ্রহণকারী বলেন, সারা দেশের পরিস্থিতি বোঝার জন্য এ ধরনের নিবন্ধন আরও বড় পরিসরে হওয়া প্রয়োজন। একটি দেশের পরিস্থিতি জানা–বোঝার জন্য অন্তত ৫ লাখ মানুষকে গবেষণার আওতায় নিতে হয়। এই গবেষণায় ২ লাখ মানুষের তথ্য নেওয়া হয়েছে। বিএসএমএমইউয়ের এই কাজ যেন অর্থের অভাবে বন্ধ হয়ে না যায়, সে ব্যাপারে সরকারের উদ্যোগী ভূমিকা দরকার বলেও মত দেন অনেকে।

স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
১ ঘণ্টা আগে
রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে