
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদের মেয়ে, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা গত শুক্রবার (১৫ মে) চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (১৮ মে) মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করা হয়।
এই ঘটনার প্রেক্ষাপটে ‘কারিনা কায়সারের কবর খুড়তেই বেরিয়ে এলো বিশাল সাপ’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
‘Sesh tv’ নামের একটি ফেসবুক পেজে গত ১৭ মে বিকাল ৪টা ১৩ মিনিটে শেয়ার করা ভিডিওটি আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্ট, যা সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটি আজ ২০ মে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৫ লাখ ৬৭ হাজার বার দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ৩ হাজার ৪০০ রিয়েকশন, ৩৫৫ কমেন্ট ও ২ হাজার ৩০০ শেয়ার রয়েছে।
একই ভিডিও শেয়ার করে ‘Amit Biswas’ নামের একটি ফেসবুক পেজ থেকে ইংরেজি ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘গণভবন লুট কারী হাতি কারিনা কাইসারের কবর খুরতে বেরিয়ে এলো বড় কালনাগিনী সাপ.. ।’
ছড়ানো এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ দাবিটিকে সত্য মনে করে মন্তব্য করেছেন, ‘কবর অনেক ভয়ানক। এই সাপটা মেরে অনেক ভুল করছে এটা পাপের ফসল।’ আবার অনেক ব্যবহারকারী বিষয়টিকে ভুয়া উল্লেখ করে লিখেছেন, ‘এটা মিথ্যা কথা টাকা কামানোর ধান্দা। একটা মানুষ মারা গেছে সেখানেও টাকা কামানোর ধান্দা করছে আখন কার মানুষ।’ কেউ আবার লিখেছেন, ‘শেখ হাসিনা নাগিনীর কবর খুড়ার সমর হাজার হাজার সাপ এই ভাবে বাহির হয়ে আসবে।’ (লেখা ও বানান অপরিবর্তিত)
আলোচিত ভিডিওটির সত্যতা যাচাইয়ে ভিডিওর কয়েকটি দৃশ্যের রির্ভার্স ইমেজ নিয়ে অনুসন্ধানে ‘Al Hadi’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে চলতি বছরের ১৮ জানুয়ারি অবিকল একই ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে ভিডিওটির ক্যাপশনে ইংরেজি ভাষায় বলা হয়, ‘এই ভিডিওটি তাঁদের জন্য, যারা বলে—নামাজ না পড়লে কী হবে?’
অর্থাৎ, কারিনা কায়সারের মৃত্যু ও দাফনের অনেক আগে থেকেই ভিডিওটি ইন্টারনেটে বিদ্যমান।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘توێشووی قیامەت’ (কিয়ামতের ভয়াবহতা) নামের একটি অ্যাকাউন্টে ২০২৫ সালের ২ অক্টোবর এবং ‘الموصل تجمعنا’ (মসুলের টানে আমরা এক) নামের আরেকটি ফেসবুক পেজেও একই ভিডিও খুঁজে পাওয়া যায়।


প্রকাশিত ভিডিওগুলোর ক্যাপশন থেকে ঘটনাটি আসলে কোথাকার সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা না গেলেও, প্রকাশের তারিখ দেখে এটি নিশ্চিত যে প্রচারিত ভিডিওর সঙ্গে সম্প্রতি প্রয়াত কারিনা কায়সারের কবরের কোনো সম্পর্ক নেই। বরং এই ভিডিওটি অন্তত ২০২৪ সালের মে মাস বা তারও আগে থেকেই ইন্টারনেটে রয়েছে।
সিদ্ধান্ত
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফনের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে প্রচারিত ‘কবর খোঁড়ার সময় সাপ বের হওয়ার’ দাবিটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

ভারতে মসজিদের ইমামদের ঢালাওভাবে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
৮ ঘণ্টা আগে
বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তথ্যমন্ত্রী বলেছেন—‘পশ্চিমবঙ্গে ধারণ করা ভিডিও ছাত্রলীগের মিছিল বলে ফেসবুকে প্রচার করছে দেশবিরোধী চক্রের সদস্যরা।
১১ ঘণ্টা আগে
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন জামায়াতের এক তরুণ নেতা—এমন দাবিতে মূলধারার টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
সম্প্রতি আওয়ামী লীগের মিছিল দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ খেলা কিন্তু শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজপথে নেমে গেছে মুজিব সৈনিকরা।’
৩ দিন আগে