
‘গণভোটে “না” দেওয়ার আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান আজহারী’—এমন দাবিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো সম্বলিত ফটোকার্ড প্রচার করা হচ্ছে। আরটিভির ফটোকার্ড নকল করে প্রচারিত ওই ফটোকার্ডে দাবি করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে জনপ্রিয় আলেম ও ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী সবাইকে গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
দাবি সংবলিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এই দাবিতে ‘Nahid Islam Nahid’ নামের একটি ফেসবুক পেজ থেকে ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ নামের গ্রুপে পোস্ট করা ফটোকার্ড আজ বুধবার বেলা ১১টা পর্যন্ত ৮৯৪ বার শেয়ার হয়েছে এবং রিয়েকশন পড়েছে ৩ হাজার ৭০০।
ফটোকার্ডটি শেয়ার করা পেজ ও গ্রুপ পর্যালোচনা করে দেখা যায়, সেসব পেজ ও গ্রুপে আওয়ামী লীগের পক্ষে এবং অন্যান্য দলের বিপক্ষে নিয়মিত পোস্ট করা হয়।
ফটোকার্ডটির কমেন্টেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ প্রচারিত দাবিকে সমর্থন জানিয়ে বলছেন, ‘আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আজহারী হুজুরকে।’ আবার কেউ বলছেন, এটি কখনো আজহারী সাহেবের বক্তব্য হতে পারে না; এটি গুজবকারীদের ছড়ানো।
অনুসন্ধানের শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আজকের পত্রিকা ফ্যাক্টচেক টিম।। পর্যবেক্ষণে এতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির লোগো দেখতে পাওয়া যায়। লোগোর সূত্র ধরে অনুসন্ধানে আরটিভির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে ওই দাবি সংক্রান্ত কোনো তথ্য, প্রতিবেদন কিংবা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও দেশের কোনো গণমাধ্যমে এ সম্পর্কিত কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে অনুসন্ধানে আরটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘গণভোটে “হ্যাঁ” দেওয়ার আহ্বান জানালেন আজহারী’ লেখা সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটির সঙ্গে আলোচিত ফটোকার্ডের শিরোনামে ‘না’ লেখা ছাড়া বাকি লেখার মিল রয়েছে।
আরটিভির প্রচারিত ফটোকার্ডের কমেন্টে যুক্ত করা প্রতিবেদনের লিঙ্ক থেকে জানা, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, ‘কিছু পয়েন্টে আপত্তি থাকলেও, গণভোটের বেশিরভাগ পয়েন্ট ইতিবাচক। তাই সার্বিক বিবেচনায় গণভোটে “হ্যাঁ” দেওয়াটাই মোটাদাগে বাংলাদেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর মনে করি। তুলনামূলকভাবে এটাই বেটার অপশন।’
তিনি আরও লেখেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং ক্ষমতাকে কেন্দ্রীভূত করার পথ বন্ধ করতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার কোনো বিকল্প নেই।
আজহারীর অফিশিয়াল ফেসবুক পেজে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্ববান জানিয়ে একটি পোস্টও পাওয়া যায়। ওই পোস্টের সঙ্গে আরটিভির প্রতিবেদনের মিল রয়েছে।

এ ছাড়া আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সঙ্গে আরটিভির ফেসবুক ফটোকার্ডে সাধারণত ব্যবহৃত ফন্টের ভিন্নতা পরিলক্ষিত হয়। দেখা যায়, মূল ফটোকার্ড প্রচারের ২ ঘণ্টা পর আলোচিত ফটোকার্ডটি শেয়ার করা হয়েছে। এতে ধারণা করা যায়, মূল ফটোকার্ড সম্পাদিত করে আলোচিত দাবিতে প্রচার করা ফটোকার্ড তৈরি করা হয়েছে।
মূলত ভুয়া ফটোকার্ড তৈরির একটি সাধারণ কৌশল হলো কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যমের লোগো ও লেআউট ব্যবহার করে সম্পাদিত বার্তা বসিয়ে দেওয়া। এতে সাধারণ পাঠক সহজেই বিভ্রান্ত হন।
সুতরাং সার্বিক পর্যবেক্ষণ সাপেক্ষে বলা যায়, মিজানুর রহমান আজহারীর বক্তব্য দাবিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির লোগো সম্বলিত ফটোকার্ডটি সম্পাদিত। এ ছাড়া গণভোট প্রশ্নে মিজানুর রহমান আজহারীর অবস্থান দাবিটির বিপরীত।

‘শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে’—শেখ তানভীর বারী হামিমের নামে এমন মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে, বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পরিণতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান—এর মতো হবে। ফটোকার্ডটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়ে
১৫ ঘণ্টা আগে
‘বাংলাদেশে টিকটক প্ল্যাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মাহবুব আনামের উদ্ধৃতি দিয়ে প্রচারিত ফটোকার্ডটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন দাবিতে জাতীয় দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটি শেয়ার করেছেন লেখক ও অ্যাকটিভিস্ট ফাহাম আবদুস সালাম, তাসলিমা নাসরিনসহ অনেকে।
৩ দিন আগে