Ajker Patrika

বাংলাদেশে হিন্দু নির্যাতন দাবিতে ভারতে ছড়ানো ভিডিওর ভুক্তভোগী মুসলিম

ফ্যাক্টচেক ডেস্ক
বাংলাদেশে হিন্দু নির্যাতন দাবিতে ভারতে ছড়ানো ভিডিওর ভুক্তভোগী মুসলিম
জিহাদিদের থেকে সন্তানকে রক্ষা করার জন্য লড়াই করছেন হিন্দু নারী দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

বাংলাদেশের এক হিন্দু মা জিহাদিদের হামলা থেকে তাঁর শিশু সন্তানকে রক্ষা করার জন্য লড়াই করছেন— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একটি এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এবং অনেক ব্যবহারকারী সেটিকে সত্য মনে করে শেয়ার করছেন।

এই দাবিতে এক্সে পোস্ট আছে এখানে, এখানে , এখানে

ইনস্টাগ্রামে পোস্ট আছে এখানে , এখানে

Namita Balyan নামের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে ২৯ মার্চ দুপুর ১টা ৫৯ মিনিটে ৩০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়। পোস্টটি শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টা ৪৪ মিনিট পর্যন্ত ২ লাখ ৬১ হাজার ৬০০ বার দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ৯ হাজার ২০০ রিয়েকশন, ২০৪ কমেন্ট এবং পোস্টটি ২ হাজার ৯০০ বার রিপোস্ট করা হয়েছে।

ভাইরাল এই পোস্টের ক্যাপশনে ইংরেজিতে লেখা হয়েছে, এই সাহসী বাংলাদেশি হিন্দু মাকে স্যালুট, যিনি উগ্র মৌলবাদীদের হাত থেকে নিজের সন্তানকে রক্ষা করেছেন। যদি এই ভিডিওটি সাজানো হতো এবং সেখানে কালো বোরকা পরিহিত কোনো মুসলিম নারী থাকতেন, তবে সারা বিশ্ব কান্নায় ভেঙে পড়ত এবং ক্ষোভ উগরে দিত।

পোস্টের ক্যাপশনে ‘বিশেষ দ্রষ্টব্য’ লিখে উল্লেখ করা হয়েছে, আপনি যদি ভারতের একজন হিন্দু হন, তবে সম্ভবত এভাবেই আপনার পূর্বপুরুষেরা লড়াই করেছিলেন, যাতে তাঁরা নিজের হিন্দুত্ব রক্ষা করতে পারেন।

ভিডিওতে নিচের অংশে ঘটনার সংক্ষিপ্ত বিবরণে ইংরেজিতে লেখা হয়েছে, ‘বাংলাদেশে জিহাদি মব যখন পরিবারের ওপর আক্রমণ করে তখন হিন্দু মা হাতে কাস্তে নিয়ে তাঁর সন্তানকে রক্ষা করেন।’

পরিবারটি ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে চুরির অপবাদ দিয়ে মব আক্রমণ হয় বলেও দাবি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

পোস্টের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধানে আলোচিত দাবির বিষয়ে ভারত কিংবা বাংলাদেশের গণমাধ্যমে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে জাতীয় গণমাধ্যম ডিবিসি নিউজের ফেসবুক পেজে ২ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। ‘সুনামগঞ্জে চুরির অভিযোগে এক ব্যক্তির বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট গ্রামবাসীর’ ক্যাপশনে শেয়ার করা ভিডিওটির প্রথম ৩০ সেকেন্ডের সঙ্গে আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল রয়েছে।

ডিবিসি নিউজের ভিডিও। ছবি: স্ক্রিনশট
ডিবিসি নিউজের ভিডিও। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘চোর নির্মূল কমিটির সভা থেকে ২ “চোরের” বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামে একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ ছিলেন গ্রামবাসী। মাঝখানে ‘চোরদের’ কাছ থেকে নেওয়া হয় মুচলেকা। কিন্তু তাতেও কাজ হয়নি। তাই করণীয় ঠিক করতে গ্রামবাসী বৈঠকে বসেন। ‘চোর নির্মূল কমিটির’ সেই বৈঠক থেকে উত্তেজিত জনতা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান চুরির অভিযোগ ওঠা দুজনের বাড়িতে।

প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে দেখা যায় একটি টিনের চালা ও বেড়ার ঘরের সামনে মধ্যবয়সী এক নারী দুই বছরের এক শিশুসন্তানকে কোলে নিয়ে হামলা না করার জন্য লোকজনকে অনুরোধ করছেন। তাঁর আরেক হাতে ছিল রাম-দা। কিন্তু লোকজন ওই নারীর কথায় কান না দিয়ে তাঁদের ওপর মুহুর্মুহু ঢিল ছুড়তে থাকেন। একপর্যায়ে ওই নারী কোল থেকে শিশুটিকে নামিয়ে রাম-দা হাতে মানুষের দিকে তেড়ে যান। পরে আরেক ব্যক্তি এসে ওই নারী ও শিশুকে সরিয়ে দেন। এরপর মুহূর্তেই ঘরটি ভেঙে ফেলে লোকজন। এভাবে দুটি ঘরে হামলা ও ভাঙচুর করা হয়।

প্রথম আলোর প্রতিবেন। ছবি: স্ক্রিনশট
প্রথম আলোর প্রতিবেন। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদনে আরও বলা হয়, শিশুসন্তানকে কোলে নিয়ে হামলা থেকে ঘরবাড়ি রক্ষার চেষ্টা করা নারী অভিযুক্ত তারেক মিয়ার স্ত্রী। তবে মানুষের ছোড়া ঢিলে তিনি কিংবা তাঁর শিশুসন্তানের কোনো ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।

এ ছাড়া ভিডিওতে indicore.in নামে একটি ওয়েব ঠিকানা দেওয়া হয়েছে। ওয়েবসাইটের ফুটারে ঠিকানা দেওয়া রয়েছে ভারতের চন্ডিগড় ভিত্তিক একটি আর্থিক সেবা প্রতিষ্ঠান। এক্স অ্যাকাউন্টটির প্রোফাইলের তথ্য অনুযায়ী, এটি ভারতের দিল্লি থেকে পরিচালিত হয়।

সিদ্ধান্ত

ভিডিওটি সঠিক তবে দাবিটি বিভ্রান্তিকর। কারণ বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত পরিবারটি মুসলিম। সুতরাং ধর্মান্তরে রাজি না হওয়ায় হামলার দাবি ভিত্তিহীন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহনগঞ্জে মোটরসাইকেল স্ট্যান্ডে চাঁদার দাবিতে হামলা, আটক ১

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, মধ্যস্থতায় অনীহা কাতারের

অতীতে ইরানের হাতে আটক মার্কিন সেনাদের ভাগ্যে কী ঘটেছিল

নিখোঁজ ক্রুকে উদ্ধারে ‘বিপজ্জনক’ মিশনে মার্কিন বাহিনী, হন্যে হয়ে খুঁজছে ইরানও

ড. ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানালেন নাহিদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত