
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারী। স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে ড. মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত ‘ডিঅ্যান্ডডি কনভিনিয়েন্স স্টোরে’র সামনে তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ঘাতক রোলবার্ট ওয়াকিনকে (৪০) গ্রেপ্তার করেছে। তাঁকে বর্তমানে লি কাউন্টি জেলে রাখা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম উইঙ্ক নিউজ জানিয়েছে, নিহত নীলুফার ইয়াসমিন ওই দোকানের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার অভিযুক্ত ওয়াকিন দোকানের এটিএম মেশিন থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে নীলুফারের কাছে টাকা দাবি করেন। নীলুফার তাঁকে বুঝিয়ে বলেন যে এটিএম মেশিনটি দোকানের নয় এবং পিন নম্বর ভুলের কারণে টাকা আসেনি। এতে ক্ষিপ্ত হয়ে ওয়াকিন তখন চলে গেলেও বৃহস্পতিবার ভোরে ফিরে আসেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নীলুফার যখন ফজরের নামাজ শেষ করেন, তখন বাইরে গাড়ি ভাঙচুরের শব্দ শুনে দোকান থেকে বের হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওয়াকিন প্রথমে নীলুফারের গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করেন এবং নীলুফার বাধা দিতে গেলে ‘আমাকে আমার টাকা দাও’ বলে চিৎকার করে তাঁর মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফ্রেডেরিক অ্যাশলে বলেন, ‘আমি মোড় ঘুরতেই দেখি লোকটি হেঁটে চলে যাচ্ছে এবং এক নারী সেখানে পড়ে আছেন। প্রথমে ভেবেছিলাম তিনি ঘুমাচ্ছেন, কিন্তু পরে রক্ত দেখে বুঝতে পারি এটি একটি হত্যাকাণ্ড।’
পুলিশ জানায়, অভিযুক্ত রোলবার্ট ওয়াকিন একজন গৃহহীন ব্যক্তি এবং তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেলেও পুলিশ হেলিকপ্টার ও ড্রোনের সাহায্যে চিরুনি অভিযান চালিয়ে এক মাইলের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে হত্যা এবং সম্পত্তি বিনষ্টের অভিযোগ আনা হয়েছে।
নীলুফার ইয়াসমিনের গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিন মাস আগে তিনি এই দোকানে চাকরিতে যোগ দিয়েছিলেন। তাঁর ১৬ ও ২০ বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই হত্যাকাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। ফোর্ট মায়ার্স পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত এখনো চলমান এবং তাঁরা ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করছেন।

কানাডার কিংসটনে গত ২৭ মে নিয়মিত কার্যদিবসে একাধিক ঈদের জামাতের মাধ্যমে ঈদুল আজহা উদ্যাপন করেছেন বাংলাদেশিসহ ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রধান মসজিদ ছাড়াও মালটি-ফেইথ চ্যাপেলে জামাত হয়। স্থানীয় খামারে কোরবানির বুকিং, আন্তর্জাতিক ত্রাণ সংস্থার মাধ্যমে মাংস বিতরণ এবং বিকেলে বাংলাদেশি পরিবারগুলোর...
১১ দিন আগে
কানাডায় ১৮ মে ২০২৬ সোমবার ভিক্টোরিয়া দিবস উদ্যাপিত হয়েছে। ফেডারেল ছুটির এ দিনে সূর্যাস্তের পর আতশবাজি, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন প্রদর্শনীর আয়োজন হয়। অটোয়া, টরন্টো, হ্যামিলটন, কিংসটন ও নায়াগ্রা ফলসসহ বিভিন্ন শহরে বাংলাদেশি কমিউনিটিও দিনটি উদ্যাপন করেছে।
১১ দিন আগে
কানাডায় এখন বসন্তকাল। ফুলে ফুলে ভরে উঠেছে প্রকৃতি। তবে সবার নজর কাড়ছে টিউলিপ। বসন্তের আবিরে ৮ মে থেকে দেশটির রাজধানী অটোয়ায় শুরু হয়েছে টিউলিপ ফুলের (কুঁড়ি) প্রদর্শনী। এটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রস্ফুটিত টিউলিপ উৎসব বলে বিবেচিত।
১১ মে ২০২৬
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্য বিষয়ক এক মনোজ্ঞ সন্ধ্যা। বিশ্ববিদ্যালয়ের গ্রান্ট হলে স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় এই আয়োজন করা হয়।
২৬ এপ্রিল ২০২৬