জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন প্রভাস। ২৩ অক্টোবর ৪৬ বছর পূর্ণ হলো এই তেলুগু সুপারস্টারের। এই বিশেষ দিনে দক্ষিণের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান মিথ্রি মুভি মেকারস জানাল, ‘ফৌজি’ নামে নতুন সিনেমা তৈরি হচ্ছে। পরিচালনা করবেন ‘সিতা রামাম’খ্যাত নির্মাতা হনু রাঘবপুদি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রভাস।
বাংলা ভাষাভাষী প্রভাস-ভক্তদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে ফৌজি। তেলুগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম ভাষার পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে বাংলা ভাষাতেও। এর আগে কন্নড় সিনেমা ‘কানতারা: চ্যাপ্টার ওয়ান’ একমাত্র দক্ষিণি সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে বাংলা ভার্সনে। তবে ফৌজি হতে যাচ্ছে প্রভাস অভিনীত প্রথম সিনেমা, যেটি পাওয়া যাবে বাংলা ভাষায়।
ফৌজি সিনেমা তৈরি হচ্ছে ১৯৪০-এর দশকের গল্প নিয়ে। ভারতবর্ষ তখন শাসন করছে ব্রিটিশরা। ব্রিটিশ ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে প্রভাসকে। একসময় চরিত্রটি একাই রুখে দাঁড়ায় ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে। ফৌজি সিনেমায় প্রভাসের নায়িকা হিসেবে থাকবেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইমানভি। আরও থাকবেন মিঠুন চক্রবর্তী, জয়া প্রদা, অনুপম খেরসহ অনেকে। শিগগির শুরু হবে শুটিং।
সর্বশেষ ২০২৩ সালে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় দেখা গিয়েছিল প্রভাসকে। এতে প্রশংসিত হলেও নতুন প্রজেক্ট হাতে নিতে কিছুটা সময় নিয়েছেন তিনি। ফলে এ বছর কোনো সিনেমা মুক্তি পায়নি তাঁর। বছরের বেশির ভাগ সময়টা কেটে গেছে নতুন গল্প আর চরিত্রের প্রস্তুতিতে। শুধু ‘রাজা সাহেব’ সিনেমার শুটিং করেছেন এ বছর। ২০২৬ সালটা প্রভাসের শুরু হবে রাজা সাহেব দিয়ে। ৯ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।
রাজা সাহেবের পর ২০২৬ সালে আরও এক সিনেমা মুক্তি পাবে প্রভাসের। ‘অ্যানিমেল’খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ সিনেমায় অভিনয় করছেন তিনি। প্রভাসের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে স্পিরিটের সাউন্ড স্টোরি, অর্থাৎ টিজারের মতো করে কিছু অংশ প্রকাশ করা হয়েছে অডিওতে। এর মাধ্যমে গল্প সম্পর্কে কিছুটা আঁচ পাবেন দর্শকেরা।
সাউন্ড স্টোরিতে এক জেলারের কথাবার্তা শোনা যাচ্ছে। পুলিশের সাবেক এক কর্মকর্তাকে ধরে আনা হয়েছে। তাঁর সঙ্গে সাধারণ কয়েদির মতো আচরণ করার নির্দেশ দিচ্ছে জেলার। আর সেই বন্দী খুব ঠান্ডা গলায় বলছে, ‘স্যার, ছোটবেলা থেকে আমার একটা খারাপ অভ্যাস আছে।’ এই কয়েদি আর কেউ নন, স্বয়ং প্রভাস। এ সিনেমাও যে অ্যাকশনে ভরপুর হবে, তা বোঝাই যাচ্ছে। কথা ছিল, স্পিরিটে প্রভাসের নায়িকা হবেন দীপিকা পাড়ুকোন। তবে নানা কারণে দীপিকাকে বাদ দিয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙা। যুক্ত হয়েছেন তৃপ্তি দিমরি।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে