জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জাভেদ আলির বাংলাদেশে কনসার্টের ঘোষণা দিয়েছিল আর্কলাইট ইভেন্টস। আর্কলাইট ইভেন্টস তাদের ফেসবুক পেজে জানিয়েছিল, আগামী ২৬ এপ্রিল তাদের আয়োজনে ঢাকায় গাইতে আসছেন জাভেদ। এবার এক ভিডিও বার্তায় জাভেদ আলি জানালেন, ‘কনসার্টে অংশ নিতে তিনি ঢাকায় আসছেন, সঙ্গে কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়েছেন তাঁর বাংলাদেশি ভক্তদের।’
আর্কলাইট ইভেন্টসের ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় জাভেদ আলি বলেন, ‘আমি জাভেদ আলি। আর্কলাইট ইভেন্টস, জার্কুনিয়াম আর অ্যাসেন এর আমন্ত্রণে আগামী ২৬ এপ্রিল বাংলাদেশ আসছি। টিকিট কাটতে ও পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন গেট সেট রকের পেজে।’
কনসার্টটির সর্বশেষ প্রস্তুতি নিয়ে কথা হয় আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। টিকিট বিক্রিতে ভালো সাড়া পেয়েছি। জাভেদ আলির সঙ্গে পাকিস্তানের আব্দুল হান্নান ও বাংলাদেশের ঈশান মজুমদার, আমরা এই আয়োজনে তিনটি দেশের সংগীতের মেলবন্ধন ঘটাচ্ছি। আশা করি দেশের দর্শকেরা ভালো একটি কনসার্ট উপভোগ করবেন।’
আর্কলাইট ইভেন্টস ছাড়াও এই আয়োজনে আরও যুক্ত আছে অ্যাসেন এবং জার্কুনিয়াম নামের দুটি প্রতিষ্ঠান। গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির মূল্য ৫ হাজার ৫০০ টাকা।
উল্লেখ্য, ২০০৭ সালে ‘নাকাব’ সিনেমার ‘এক দিন তেরি রাহো মে’ গানটির মাধ্যমে জাভেদ আলি দর্শকপ্রিয়তা পান। এরপর বলিউড সিনেমা ‘রকস্টার’-এর ‘কুন ফায়াকুন’, ‘গজনি’ সিনেমার ‘গুজারিশ’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার ‘আ জাও মেরি তামান্না’, ‘তুম মিলে’ সিনেমার ‘তুহি হাকিকত’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
বলিউড ছাড়াও টালিউড সিনেমায় তিনি প্লেব্যাক করেছেন। দেব-শ্রাবন্তী জুটির ‘সেদিন দেখা হয়েছিল’ সিনেমার ‘হেঁটেছি স্বপ্নের হাত ধরে’ গানটি মারাত্মক জনপ্রিয়তা পায়। এ ছাড়া ‘শত্রু’, ‘কাগজের নৌকা’, ‘গেম’, ‘রাবণ’সহ আরও অনেক টালিউড সিনেমায় গান গেয়েছেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে