
কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরটি অনুষ্ঠিত হবে আগামী ১২ থেকে ২৩ মে। আজ ৯ এপ্রিল প্যারিসে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে এবারের উৎসবের লাইনআপ। কানের মূল প্রতিযোগিতায় এ বছর জায়গা করে নিয়েছেন চলচ্চিত্র জগতের দিকপালেরা। উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দ্যর জয়ের লড়াইয়ে থাকবে বিশ্বখ্যাত নির্মাতাদের ২১টি সিনেমা।
আসগর ফরহাদি, পেদ্রো আলমোদোভার, পাওয়েল পাভলিকোভস্কি, ইরা স্যাক্স, হিরোকাজু কোরে-এদা, লাসলো নেমেস, রিউসুকে হামাগুচির মতো স্বনামধন্য নির্মাতারা কানের প্রতিযোগিতা বিভাগে তাঁদের নতুন সিনেমার প্রিমিয়ার করবেন।
কান উৎসবের গত আসরে টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং’ এবং স্পাইক লির ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’-এর মতো হলিউডের বড় বড় সিনেমা ছিল। তবে এবারের উৎসবে আন্তর্জাতিক চলচ্চিত্র এবং স্বাধীন ধারার নির্মাতাদেরই প্রাধান্য থাকবে। এবার স্যাক্সই একমাত্র মার্কিন পরিচালক, যিনি তাঁর ‘দ্য ম্যান আই লাভ’ নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। রামি মালেক অভিনীত এই সিনেমা তৈরি হয়েছে আশির দশকের নিউইয়র্কের এইডস সংকটের প্রেক্ষাপটে।
এবারের কান উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমাগুলোর মধ্যে রয়েছে রোমানিয়ান নির্মাতা ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের ‘ফিয়র্ড’, পোল্যান্ডের নির্মাতা পাওয়েল পাভলিকোস্কির ‘ফাদারল্যান্ড’, ইরানি পরিচালক আসগর ফরহাদির ‘প্যারালাল টেলস’, স্প্যানিশ নির্মাতা রদ্রিগো সোরোগোয়েনের ‘দ্য বিলাভড’, পেদ্রো আলমোদোভারের ‘বিটার ক্রিসমাস’, জাপানি পরিচালক হিরোকাজু কোরে-এডার ‘শিপ ইন দ্য বক্স’ এবং রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’।
কানের এবারের আসরের পর্দা উঠবে ফরাসি পরিচালক পিয়ের সালভাদোরির রোমান্টিক সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’ দিয়ে। এ ছাড়া উৎসবের অন্যতম বড় চমক হিসেবে থাকছেন অভিনেতা জন ট্রাভোল্টা। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ কানের প্রিমিয়ার বিভাগে প্রদর্শিত হবে।
এবারের বিচারকমণ্ডলীর প্রধান হিসেবে থাকছেন কোরিয়ান নির্মাতা পার্ক চ্যান-উক। চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য এ বছর কিংবদন্তি পরিচালক পিটার জ্যাকসন ও বারব্রা স্ট্রাইস্যান্ডকে সম্মানসূচক পাম দ্যর পুরস্কার দেওয়া হবে।
কান উৎসবের ডেলিগেট জেনারেল ফরাসি নির্মাতা থিয়েরি ফ্রেমো জানিয়েছেন, অফিশিয়াল সিলেকশনের জন্য ২ হাজার ৫৪১টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা জমা পড়েছিল এবার। তিনি বলেন, ‘মাত্র ১০ বছর আগের তুলনায় এক হাজার সিনেমা বেশি পেয়েছি এবার। ১৪১টি দেশ থেকে চলচ্চিত্র জমা পড়ায় আমরা অলিম্পিকে অংশ নেওয়া দেশের সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছি। তবে এখন আমাদের সবচেয়ে বড় লক্ষ্য এমন একটি স্থানে চলচ্চিত্র প্রদর্শন করা, যেখানে সারা বিশ্ব তা সহজে দেখতে পারবে।’

প্রীতম হাসান ও জেফার রহমান দুজনেই গানের মানুষ। একসঙ্গে গানও আছে তাঁদের। গানের পাশাপাশি অভিনয় করেন দুজনেই। এবার প্রথমবার পর্দায় জুটি হয়ে আসছেন তাঁরা। প্রীতম ও জেফারকে নিয়ে শিহাব শাহীন তৈরি করেছেন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’।
১৬ ঘণ্টা আগে
প্যারিসভিত্তিক ‘এতোয়াল দ্য লা স্কাম’ পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা, নির্দেশক ও কবি আমীরুল আরহামের সৃষ্টিকর্ম নিয়ে তিন দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা। আজ থেকে শুরু হওয়া ‘আমীরুল আরহাম ডকুমেন্টারি ফিল্ম রেট্রোস্পেকটিভ’...
১৬ ঘণ্টা আগে
রোজার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে নিয়ে এসেছিল বাংলায় ডাবিং করা চায়নিজ মাইক্রোড্রামা ‘লাভ রিইউনিয়ন: দ্য ম্যারিড মাদারস টেল’। এবার পয়লা বৈশাখ উপলক্ষে দীপ্ত প্লে মুক্তি দিচ্ছে বাংলায় ডাবিং করা আরেকটি মাইক্রোড্রামা ‘ট্রু লাভ ইন ডিসগাইজ’। বাংলায় নাম দেওয়া হয়েছে ‘ছদ্মবেশী ভালোবাসা’।
১৬ ঘণ্টা আগে
নির্মাতা শরাফ আহমেদ জীবন পরিচালনার পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন। তাঁর অভিনীত অন্যতম জনপ্রিয় চরিত্র জ্ঞানী গণি। ইতিমধ্যে এই সিরিজের তিনটি নাটক প্রচারে এসেছে। আবারও জ্ঞানী গণি হয়ে দর্শকের সামনে আসছেন জীবন। আজ ৯ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ‘জ্ঞানী গণি-০৪’।
১৬ ঘণ্টা আগে