
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় ও আলোচিত চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত মারা গেছেন। আজ বুধবার দুপুরে কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় সাবেক স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
পারিবারিক ও পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আজ দুপুরে হিন্দুস্তান পার্কের ওই বহুতল ভবনের ছাদ থেকে আচমকাই নিচে পড়ে যান অনীক দত্ত। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিচালকের অকাল ও আকস্মিক এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কলকাতার সংস্কৃতি ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, অনীক দত্ত মূলত ডোভারলেন এলাকার বাসিন্দা ছিলেন। তবে ঠিক কী কারণে বা কীভাবে তিনি হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে গেলেন, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে গড়িয়াহাট থানার পুলিশ।
ইতিমধ্যে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। কলকাতা পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কিছুক্ষণের মধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন। ময়নাতদন্তের জন্য পরিচালকের মরদেহ কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
হাসপাতালে উপস্থিত অনীক দত্তের ঘনিষ্ঠ চলচ্চিত্র প্রযোজক ফিরদৌস হাসান সাংবাদিকদের বলেন, ‘এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। অনীকের মেয়ের জন্য আমরা অপেক্ষা করছি। সরকারি নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য মরদেহ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে।’
চলচ্চিত্রে আসার আগে অনীক দত্ত প্রায় দুই দশক ধরে ভারতের বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বহু জনপ্রিয় বিজ্ঞাপনী ছবি নির্মাণ করে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন।
২০১২ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ভূতের ভবিষ্যৎ’। রাজনৈতিক শ্লেষ ও ব্যঙ্গাত্মক ঘরানার এই ছবি মুক্তির পরপরই বিপুল বাণিজ্যিক সাফল্য পায় এবং দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে। তবে ছবিটির রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে ওই সময় ব্যাপক বিতর্কও তৈরি হয়েছিল।
পরবর্তী সময়ে তিনি নির্মাণ করেন—আশ্চর্য প্রদীপ, মেঘনাদ বধ রহস্য, ভবিষ্যতের ভূত (যা নিয়ে রাজনৈতিক বিতর্কের জেরে প্রেক্ষাগৃহে প্রদর্শন বন্ধের ঘটনাও ঘটেছিল)।
এ ছাড়া ‘বরুণবাবুর বন্ধু’ ও ‘অপরাজিত’ সিনেমা দুটি প্রশংসিত হয়েছে। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ নির্মাণের নেপথ্য কাহিনি অবলম্বনে ‘অপরাজিত’ ছবিটি আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।
অনীক দত্তের পরিচালিত সর্বশেষ কাজ ছিল ‘যত কাণ্ড কলকাতাতেই’।
রাজনৈতিকভাবে অনীক দত্ত আজীবন বামপন্থী ভাবাদর্শের মানুষ হিসেবে পরিচিত ছিলেন এবং নাগরিক অধিকার ও রাজনৈতিক ইস্যুতে সব সময়ই সোচ্চার ভূমিকা পালন করতেন।
পাঁচ দিন আগে (গত ২২ মে) অনীক দত্তের জন্মদিন ছিল। জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পুরোনো স্মৃতি ও ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি। তাঁর এই আকস্মিক বিদায় মেনে নিতে পারছেন না দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
বামপন্থী নেত্রী ও যুব আন্দোলনকর্মী দীপ্সিতা ধর এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, ‘খবরটা শুনে এখনো বিশ্বাস হচ্ছে না। অত্যন্ত আকস্মিক এবং মর্মান্তিক একটি ঘটনা। টলিউড ও আমাদের মনন জগতের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।’
হাসপাতাল চত্বরে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন টলিউডের বহু শিল্পী, কলাকুশলী ও রাজনৈতিক ব্যক্তি। প্রত্যেকেই এই গুণী পরিচালকের অকাল প্রয়াণে শোক প্রকাশ করছেন।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২১ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে