এবার ঈদের চমক পারিবারিক গল্পের সিনেমা ‘উৎসব’। মুক্তির পর থেকে প্রতিদিন বেড়েছে দর্শক। দুই সপ্তাহ পরেও দর্শকের আগ্রহ ধরে রেখেছে সিনেমাটি। অভিনয়শিল্পীরাও প্রতিদিন সিনেমার প্রচারে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন হলে। তবে অসুস্থতার জন্য অনুপস্থিত ছিলেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জাহিদ হাসান। অবশেষে গত বুধবার উৎসবের বিশেষ প্রদর্শনীতে দেখা মিলল এই অভিনেতার। উৎসব নিয়ে দর্শকের আগ্রহে মুগ্ধ জাহিদ হাসান। কথা বলতে গিয়ে একসময় আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। ছলছল চোখে বললেন, ‘মানুষ আমাকে ভালোবাসলে আমার কান্না পায়।’
এতদিনে ঈদ উৎসব শুরু
ঠান্ডাজনিত সমস্যা নিয়ে ঈদের আগের দিন হাসপাতালে ভর্তি হন অভিনেতা জাহিদ হাসান। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। অসুস্থতার কারণে উৎসবের প্রচারে থাকতে পারেননি। তাই উৎসব দেখতে এসে শুরুতে জাহিদ হাসান জানালেন, তাঁর ঈদ উৎসব শুরু হলো। অভিনেতা বলেন, ‘ঈদের আগের দিন থেকে আমি অসুস্থ ছিলাম। হাসপাতালের বেডে শুয়ে ঈদ কেটেছে। উৎসব রিলিজের প্রথম দিন থেকে সবাই এত ভালো প্রতিক্রিয়া দেখাচ্ছে, কিন্তু আমি আসতে পারছিলাম না। তরুণদের পাশাপাশি অনেক বয়স্ক মানুষ সিনেমাটি দেখতে এসেছেন। পরিবার নিয়ে দেখতে এসেছেন। যখন রিভিউ দেখছিলাম আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম। এত দিন পর সিনেমাটি সবার সঙ্গে দেখতে এলাম। মনে হচ্ছে আমার ঈদ শুরু হলো।’
কৃতজ্ঞতা প্রকাশ
অভিনেতাদের পাশাপাশি সিনেমার সঙ্গে জড়িত থাকেন অনেক মানুষ। উৎসবের সাফল্যের পর জাহিদ হাসান স্মরণ করলেন সেসব মানুষকে। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেতা বলেন, ‘উৎসবের প্রযোজক, পরিচালক, প্রোডাকশন বয় থেকে শুরু করে সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। শুটিংয়ের সময় রাগ করি, কিন্তু মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়া দেখে মাথা নুয়ে আসে। আমার সহশিল্পীদের প্রতিও অনেক কৃতজ্ঞতা। সাধারণত আমরা দেখি, একটা কাজে কেন্দ্রীয় চরিত্র ছাড়া বাকি চরিত্রগুলো অনেকে করতে চায় না। কিন্তু এই সিনেমায় আমার সঙ্গে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীরা। তাঁরা আমার কথায় আমার সঙ্গে কাজ করেছেন, এ জন্য তাঁদের কাছে অনেক কৃতজ্ঞ।’
আবেগপ্রবণ জাহিদ হাসান
নাটকের পাশাপাশি এ পর্যন্ত বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে উৎসবের মতো এমন সাড়া কখনোই পাননি বলে জানালেন অভিনেতা। এমন ভালোবাসার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। জাহিদ হাসান বলেন, ‘কেউ আমাকে ভালোবাসলে আমার কান্না পেয়ে যায়। কেউ আমাকে আদর করলে কান্না পেয়ে যায়। যখন আপনারা সবাই আমাকে এভাবে আদর করেন, তখন আমার কান্না পায়। আমার ক্যারিয়ারে এর আগে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি, কিন্তু এভাবে কোনো সিনেমা আসেনি। এত ক্যামেরা আমার সামনে কখনো আসেনি। এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া। আমার অভিনয় জীবনের নতুন অভিজ্ঞতা। সবাইকে নিয়ে সামনে আরও ভালো ভালো কাজ করতে চাই।’
জাহিদ হাসানের আশা
উৎসব দেখতে পরিবার নিয়ে সবাই হাজির হচ্ছেন। এটা দেখে দারুণ খুশি জাহিদ হাসান। অভিনেতার আশা, শুধু সিনেমা নয়, অন্যান্য ক্ষেত্রেও যেন এই মেলবন্ধনটা থাকে। জাহিদ বলেন, ‘আমি চাই সুন্দরভাবে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই বাংলাদেশে একসঙ্গে থাকব। উৎসব করব। শুধু সিনেমা কেন, পরিবার, বন্ধুবান্ধব নিয়ে আমরা যেন সব জায়গায় যেতে পারি। যেকোনো কিছুই হোক আমরা যদি একসঙ্গে থাকি, তাহলে সমুদ্রের ঢেউ এলেও পড়ে যাব না। হয়তো একটু নড়ে যেতে পারি, কিন্তু পড়ব না। আমাদের এখন দরকার একত্র হওয়া। সবাই সবার হাত ধরে থাকা।’

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১১ মিনিট আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে