
শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমাটি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেল সিনেমার দ্বিতীয় পোস্টার। এতে রোমান্টিক আবহে শাকিবের সঙ্গে দেখা গেল সাবিলা নূরকে।
পোস্টারে দেখা গেল প্রকৃতির সবুজে ঘেরা পরিবেশে রোমান্টিক আবহে বসে আছেন শাকিব ও সাবিলা। শাকিব খানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা, আর সেই স্পর্শে ডুবে থাকা শাকিবও চোখ বন্ধ করে অনুভব করছেন মুহূর্তটি।
পোস্টারটি শাকিব খানের ফেসবুক পেজ থেকে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে।’
এটি শাকিব-সাবিলা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে গত বছর মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় প্রথমবার পর্দায় জুটি হয়েছিলেন তাঁরা। গত মাসে মালয়েশিয়ায় শুটিং শুরু হওয়ার পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে চলছে রকস্টারের শুটিং।
এর আগে গত ২৮ মার্চ শাকিব খানের জন্মদিনে প্রকাশ পেয়েছিল রকস্টার সিনেমার প্রথম পোস্টার। চোখে কালো সানগ্লাস, পায়ে স্নিকার্স, শরীরজুড়ে ট্যাটু, পরনে হাফপ্যান্ট, গলায় মোটা চেইন, চোখে সানগ্লাস; পিচঢালা পথে পা ছড়িয়ে বসে দৃষ্টি স্থির দূরে কোথাও—এমন পোজে হাজির হয়েছিলেন ওই পোস্টারে।
রকস্টার নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে নির্মাতা জানান, শাকিব খানের আইডিয়ায় নির্মিত হচ্ছে রকস্টার। তিনিই এমন একটি চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন পরিচালকের কাছে। তারপর রকস্টার সিনেমার গল্প লেখা হয়।
রুশো বলেন, ‘সিনেমা নিয়ে যখন প্রাথমিক আলাপ হচ্ছিল, তখন একদিন শাকিব ভাই আমাকে বললেন, পর্দায় তিনি রকস্টার হতে চান। তাঁর কথা শুনে মনে হচ্ছিল, যেন স্বপ্ন সত্যি হলো। কারণ, নির্মাণে আসার আগে আমি মিউজিশিয়ান ছিলাম। সে সময় মিউজিশিয়ানদের জীবন নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করতাম। তাঁদের জীবনের ঘটনা শুনে চমকে উঠতাম। তাঁদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি। এবার তেমন একটি গল্প পর্দায় দেখানোর সুযোগ পেলাম।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২১ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে