Ajker Patrika

‘ককরোচদের’ প্রতিবাদ সমাবেশে শামিল প্রকাশ রাজ

বিনোদন ডেস্ক
‘ককরোচদের’ প্রতিবাদ সমাবেশে শামিল প্রকাশ রাজ
বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বিক্ষোভ সমাবেশে প্রকাশ রাজ। ছবি: সংগৃহীত

প্রকাশ রাজ কেবল সিনেমার পর্দায় জাঁদরেল খলনায়ক হিসেবেই জনপ্রিয় নন, ভারতের রাজনৈতিক অঙ্গনেও প্রভাবশালী এক নাম। ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকার ও ডানপন্থী রাজনীতির অন্যতম কট্টর সমালোচক হিসেবে পরিচিত প্রকাশ। এবার তিনি ককরোচদের দলে যোগ দিয়ে যুবসমাজকে নিজেদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন।

ভারতের রাজনৈতিক সমীকরণে সম্প্রতি নতুন মাত্রা যোগ করেছে তরুণদের প্রতীকী সংগঠন ককরোচ জনতা পার্টি। এটি কোনো প্রথাগত রাজনৈতিক দল নয়, বরং একটি আন্দোলন। দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থানের নিশ্চয়তা ও ভয়হীন গণতান্ত্রিক পরিবেশের দাবিতে রাজপথে নেমেছে তারা। নয়াদিল্লি, পুনে, লক্ষ্ণৌ, অমৃতসর, হায়দরাবাদসহ বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দলটির কর্মীরা। তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে ১৪ জুন বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন প্রকাশ রাজ।

যুবসমাজকে নিজেদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রকাশ রাজ বলেন, ‘আমাদের দেশে এখন জনগণের কথা শোনার মতো কান সরকারের নেই। তারা নাগরিকদের প্রশ্ন ও দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করে চলেছে। কিন্তু এই উদাসীনতার বিরুদ্ধে আমাদের প্রশ্ন তোলা বন্ধ করলে চলবে না।’

দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের বয়স নিয়ে কটাক্ষ করে প্রকাশ রাজ বলেন, ‘অবসরের বয়স পার হয়ে যাওয়ার পরও আঙ্কেল-আন্টিরা এই দেশ শাসন করছেন। দয়া করে এবার আপনারা যান। এই দেশের যুব সমাজকে তাদের ভবিষ্যৎ নিজেদের মতো করে গড়তে দিন।’

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসই ডিজিটাল মূল্যায়নের চরম অব্যবস্থাপনার দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছে ককরোচ জনতা পার্টি। আন্দোলনকারীদের সাফ কথা— যতক্ষণ না শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত না হবে, ততক্ষণ এই আন্দোলন থামবে না। ২০ জুন দিল্লির যন্তর মন্তরে তারা এই দাবিতে এক বিশাল সমাবেশের ডাক দিয়েছে। এই সমাবেশে ভারতের সব শিক্ষার্থীকে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার আহ্বান জানান প্রকাশ রাজ।

তরুণদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে বেঙ্গালুরুর সমাবেশে প্রকাশ রাজ ছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত