নতুন বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল সমতল। নাটকের নাম ‘লুৎফার প্রদীপ’। লিখেছেন তানভীর মোকাম্মেল। সগীর মোস্তফার নির্দেশনায় এ নাটকে একক অভিনয়ে দেখা যাবে চিত্রলেখা গুহকে। মঞ্চে এটি তাঁর প্রথম একক অভিনয়। ৩ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে সন্ধ্যা ৬টায় দেখা যাবে লুৎফার প্রদীপ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। একই দিন রাত ৮টা ৫ মিনিটে মঞ্চস্থ হবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী।
লুৎফার প্রদীপ নাটকের গল্পে দেখা যাবে, পলাশীর যুদ্ধে পরাজিত ও নৃশংসভাবে নিহত হওয়ার পর নবাব সিরাজ-উদ-দৌলার লাশ ভগীরথী নদীর অপর পারে খোশবাগে নবাব আলিবর্দী খানের কবরের পাশে সমাহিত করা হয়। সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা বা লুৎফা স্বামীকে ভালোবেসে প্রতি সন্ধ্যায় তাঁর কবরে নিয়মিতভাবে প্রদীপ জ্বালাতেন। নিজের মৃত্যু পর্যন্ত লুৎফা সিরাজের কবরে এই প্রদীপ জ্বালিয়ে গেছেন। এ প্রদীপ কি কেবলই মৃত স্বামীর প্রতি এক বিধবা নারীর প্রেমের প্রকাশ? নাকি তার চেয়ে বেশি কিছু?
নাট্যকার তানভীর মোকাম্মেল বলেন, ‘প্রতি সন্ধ্যায় সিরাজের কবরে যে প্রদীপটা তিনি জ্বালাতেন, তা যেন ছিল এ দেশের স্বাধীনতার আশা-আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার এক প্রতীক। বাংলার ভালো শাসকদের বাঁচিয়ে রাখা হয় না। দেশি দালালদের সহযোগিতায় বিদেশি অপশক্তি বারবারই দখল করে নিয়েছে বাংলার মসনদ ও সম্পদ। লুৎফার প্রদীপটা যেন হয়ে ওঠে তাই পরাধীন এক জাতির আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতীক।’
নির্দেশক সগীর মোস্তফা বলেন, ‘ইতিহাস সব সময় বিজয়ীদের কথা বলে। কিন্তু বিজিতদের দীর্ঘশ্বাস আর ত্যাগের গল্প অনেক সময় অজানাই থেকে যায়। লুৎফার প্রদীপ নাটকটি কেবল বাংলার শেষ স্বাধীন নবাবের পরাজয়ের ইতিহাস নয়, বরং এটি সিরাজ-পত্নী লুৎফুন্নেসার একনিষ্ঠ প্রেম, সীমাহীন ধৈর্য এবং আজীবন লালন করা শোকের এক জীবন্ত উপাখ্যান।’
অভিনেত্রী চিত্রলেখা গুহ বলেন, ‘লুৎফার প্রদীপ সমতলের প্রথম প্রযোজনা। গল্পটি অসাধারণ। চেষ্টা করেছি নির্দেশকের কথা অনুযায়ী নিজেকে প্রস্তুত করার। অভিনয়জীবনে এই প্রথমবার মঞ্চে একক অভিনয় করছি। সব মিলিয়ে অন্য রকম অনুভূতি। এ ছাড়া চার বছর পর কোনো নতুন মঞ্চনাটকের সঙ্গে যুক্ত হয়েছি। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানাই।’
লুৎফার প্রদীপ নাটকের শিল্প নির্দেশনা ও আলোক পরিকল্পনায় আছেন উত্তম গুহ, আবহসংগীত ও শব্দ পরিকল্পনায় সৈয়দ সাবাব আলী আরজু এবং পোশাক পরিকল্পনায় রয়েছেন ওয়াহিদা মল্লিক জলি।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১১ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১৩ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
১ দিন আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে