শ্রদ্ধাঞ্জলি

শনিবারের সকালটি যেন বিষাদে ভরা এক সংগীত—শব্দহীন অথচ গভীর প্রার্থনায় মগ্ন। চলে গেলেন মুস্তাফা জামান আব্বাসী। তিনি কেবল একজন সংগীতশিল্পী বা গবেষক নন, ছিলেন আমাদের সাংস্কৃতিক সত্তার এক সৌম্য প্রতিনিধি, এক অনন্য মানুষ। নব্বইয়ের দশকের মাঝামাঝি, পুরানা পল্টনের সরু গলির ভেতরে সাপ্তাহিক চলতিপত্র পত্রিকার ছোট্ট অফিস। সেই অফিসে একদিন হঠাৎ এসে ঢুকলেন সৌম্যকান্তি এক মানুষ। চিনতে অসুবিধা হয়নি আমার। ব্যক্তিগত পরিচয় না থাকলেও তাঁকে না চেনার কোনো কারণ ছিল না। হালকা হেসে বললেন, ‘তোমাদের অফিসটা তো আমার পেছনের বাসারই এক্সটেনশন! আসব মাঝেমধ্যে।’ তারপর চায়ের কাপ হাতে টানা আধা ঘণ্টা গল্প করলেন লোকসংগীত, নজরুল, আব্বাসউদ্দীন আর বাংলার হারিয়ে যাওয়া সুর নিয়ে। কী সাবলীল, কী মিষ্টি উচ্চারণে কথা বলতেন! চোখমুখে যেন জ্ঞানের আলো, অথচ কোথাও কোনো ভান নেই, অহংকার নেই। এমন অমায়িক মানুষ সত্যিই খুব কম দেখা যায়। বিনয় ছিল যেন তাঁর অলংকার।
মুস্তাফা জামান আব্বাসী ছিলেন আব্বাসউদ্দীন আহমেদের পুত্র, পল্লিগীতির অগ্রপথিকের উত্তরাধিকার। কিন্তু কখনোই তাঁকে দেখে মনে হয়নি তিনি কোনো ‘গৌরবময় বংশের গর্বিত প্রতিনিধি’। বরং তিনি নিজেকে গড়ে তুলেছেন মানুষের কাছে সহজভাবে পৌঁছানোর নিরন্তর চেষ্টা দিয়ে। তাঁর লেখা ‘গোধূলির ছায়াপথে’ কলামটির মতোই তাঁর জীবন ছিল কোমল আলোয় মোড়া—চিন্তার, সংস্কৃতির এবং মানবিক মূল্যবোধের।
লোকসংগীত নিয়ে তাঁর সংগ্রহ, গবেষণা ও উপস্থাপনাগুলো শুধু তাত্ত্বিক ব্যাখ্যায় সীমাবদ্ধ ছিল না, ছিল অনুভব, ভালোবাসা আর এক শুদ্ধ দায়বোধ। তাঁর কণ্ঠে যখন ‘ভাটিয়ালি’ বাজত, তখন মনে হতো কোনো পুরোনো নদীর ঢেউ এসে বুকে লাগে। তাঁর গানে ছিল বাংলাদেশের গন্ধ, মাটির গন্ধ, প্রেমের মৃদু দীর্ঘশ্বাস। তিনি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, ইউনেসকোর সংগীতবিষয়ক কমিটির সভাপতি, রোটারি গভর্নর—কিন্তু এসব পরিচয়ের চেয়েও বড় পরিচয়, তিনি ছিলেন ‘মানুষ’। সহজ, প্রাণবন্ত, অন্তরঙ্গ একজন মানুষ। তাঁর উপস্থাপনায় ‘ভরা নদীর বাঁকে’, ‘আপন ভুবন’ অনুষ্ঠানে যেমন ছিল স্নিগ্ধতা, তেমনই ছিল গভীর অন্তর্দৃষ্টি।
মুস্তাফা জামান আব্বাসীর লেখা ‘লোকসংগীতের ইতিহাস’, ‘রুমির অলৌকিক বাগান’, কিংবা স্মৃতিকথা ‘স্বপ্নরা থাকে স্বপ্নের ওধারে’—সবখানেই ফুটে উঠেছে তাঁর ভাষার জাদু, ইতিহাসের মমত্ব আর সুরের অন্তর্নিহিত সাধনা। এমন এক ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেলেন, যাঁর চলে যাওয়া মানে এক বিশাল সাংস্কৃতিক শূন্যতা।
গতকাল ভোরে শেষনিশ্বাস ত্যাগ করার আগে তিনি হয়তো আবার শুনেছেন কোনো পুরোনো ভাটিয়ালি গানের সুর। কিন্তু সময় তো কাউকে থামায় না, শুধু রেখে যায় কিছু স্মৃতি, কিছু অমলিন প্রভাব।
মুস্তাফা জামান আব্বাসী শুধু গানের মানুষ ছিলেন না। তিনি ছিলেন এ দেশের সাংস্কৃতিক চেতনার এক জীবন্ত পাঠ্যপুস্তক, যাঁকে একবার সামনে পেলে অনেক কিছু শেখা যেত, অনেক কিছু ভালোবাসা যেত। তাঁর সঙ্গে কয়েক দিন কথা বলার স্মৃতি দারুণভাবে আমাকে তাড়িত করছে। অনেক বছর দেখা হয়নি। তাতে কি! তিনি ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ। তাঁকে কি ভুলে থাকা যায়, না যাবে!
তাঁর আত্মা শান্তিতে থাকুক। তাঁর সুর বেঁচে থাকুক আমাদের সবার অন্তরে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে