যাঁরা উচ্চশিক্ষায় গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের স্বপ্ন দেখেন, তাঁদের জন্য ইতালির মিলান বিশ্ববিদ্যালয় হতে পারে অসাধারণ গন্তব্য। ইউরোপের অন্যতম পুরোনো ও মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয় বিশ্বমানের শিক্ষা ও গবেষণা পরিবেশের জন্য পরিচিত।
বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান, প্রযুক্তি, ওষুধবিদ্যা ও সামাজিক বিজ্ঞানে শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাব, গবেষণা প্রকল্প এবং আন্তর্জাতিক অনুদানের সুযোগ রাখে। মিলান শহর নিজেই ইউরোপের ফার্মাসিউটিক্যাল শিল্প, ফ্যাশন, ফিনটেক, অটোমোবাইল ও ডিজাইনের কেন্দ্রবিন্দু হওয়ায় এখানে রয়েছে ইন্টার্নশিপ ও চাকরির বিপুল সুযোগ।
বিশ্ববিদ্যালয়টির সাবেক অনেক শিক্ষার্থীই বিশ্বখ্যাত গবেষক, নোবেল বিজয়ী, উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। বিদেশি শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে উন্নত আবাসন, বৃত্তি, খণ্ডকালীন কাজ এবং সমৃদ্ধ সংস্কৃতি উপভোগের সুযোগ।
আবেদন করবেন যেভাবে
ইতালিতে ইংরেজি ভাষায় পড়ানো কোর্সগুলোর তালিকা universitaly.it ওয়েবসাইটে রয়েছে। সেখানে পছন্দের প্রোগ্রাম নির্বাচন করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে হয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবেদনের প্রক্রিয়া আলাদা। সাধারণত স্নাতকোত্তর পর্যায়ে আবেদন করার জন্য প্রয়োজন হয়—
» স্নাতক ডিগ্রির সনদ ও নম্বরপত্র
» ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ (কমপক্ষে B1 বা B2)
» পাসপোর্ট
আবেদনের পর ৭ থেকে ৪৫ দিনে ফল জানিয়ে দেওয়া হয়। কখনো কখনো অনলাইন সাক্ষাৎকারও নেওয়া হয়। অফার লেটার পেলে করতে হয় CIMEA বা DoV সার্টিফিকেট সংগ্রহ, যেটি আগের পড়াশোনার স্বীকৃতি নিশ্চিত করে। পরে universitaly.it ওয়েবসাইটে প্রি-এনরোলমেন্ট করতে হয় এবং ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ VFS গ্লোবালে আবেদন জমা দিতে হয়।
প্রয়োজনীয় কাগজপত্র
» এসএসসি সনদ ও নম্বরপত্র (শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত)
» এইচএসসি সনদ ও নম্বরপত্র (একইভাবে সত্যায়িত)
» স্নাতক সনদ ও নম্বরপত্র (বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয় থেকে সত্যায়িত)
» পাঠ্য উদ্দেশ্য পত্র (স্টেটমেন্ট অব পারপাস)
» লেটার অব রেকমেন্ডেশন (কমপক্ষে ২টি)
» ইউরোপাস সিভি, আইইএলটিএস সনদ
» বৈধ পাসপোর্ট
» প্রয়োজনীয় অর্থসহ শিক্ষার্থী ও স্পনসরের ব্যাংক বিবরণী
» অর্থের উৎস প্রমাণ (আয়ের সনদ)
» শিক্ষার্থী ও স্পনসরের পারিবারিক সম্পর্ক প্রমাণপত্র
» ভ্রমণ ও স্বাস্থ্যবিমা
» আবাসনের প্রমাণ ও বিমানের টিকিট
ভিসার জন্য আর্থিক প্রমাণ
ইতালিতে শিক্ষার্থীদের আর্থিকভাবে স্বনির্ভর হতে হয়। কারণ ইতালিতে থাকা, খাওয়া, পরিবহন, শিক্ষাসহ সবকিছু নিজেকে বহন করতে হবে। ইউনিভার্সিটি অব মিলানের প্রথম কিস্তির টিউশন ফি মাত্র ১৫৬ ইউরো। এরপরের ফি নির্ধারিত হয় ISEE ভ্যালুর ভিত্তিতে। তবে অনেক শিক্ষার্থীই ডিএসইউ বৃত্তির আওতায় পুরো ফি মওকুফ পান এবং আবাসন ও খাবারের জন্য সহায়তা পান। তবু শিক্ষার্থীর ব্যাংকে প্রতিবছরের জন্য কমপক্ষে ৬,৯৪৭.৩৩ ইউরো থাকতে হয়। দুই বছরের কোর্সের ক্ষেত্রে এটি ১৩,৮৯৪. ৬৬ ইউরো। এই অর্থের উৎস হিসেবে আয় সনদ, বেতনের রশিদ বা কর নথি দিতে হয়।
ডিএসইউ স্কলারশিপ
ডিএসইউ বৃত্তি হলো ইতালির সরকার পরিচালিত একটি আঞ্চলিক বৃত্তি। এটি মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য। মিলান বিশ্ববিদ্যালয় লম্বার্দি রিজিওনের অধীনে হওয়ায় এখানকার শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। প্রতিবছরের ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা থাকে। এই বৃত্তির আওতায় একজন শিক্ষার্থী বছরে প্রায় ৭,২৫৮ ইউরো পর্যন্ত সহায়তা পান। যার মধ্যে আবাসন, খাদ্য ও পাঠসহায়তা অন্তর্ভুক্ত।
যাঁরা ইউরোপীয় জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে উচ্চশিক্ষার অসাধারণ সুযোগ নিতে চান, তাঁদের জন্য মিলান বিশ্ববিদ্যালয় হতে পারে আদর্শ এক সিদ্ধান্ত। আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণার সুযোগ এবং একটি সমৃদ্ধ ক্যারিয়ারের পথে পা রাখতে এটি নিঃসন্দেহে এক চমৎকার গন্তব্য।
অনুলিখন: অনয় আহম্মেদ
লেখক: শিক্ষার্থী, ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি, মিলান বিশ্ববিদ্যালয়, ইতালি

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৪ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১৯ ঘণ্টা আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
২০ ঘণ্টা আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
২০ ঘণ্টা আগে