
ছোট একটি গ্রাম কুশলপুর। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। সেই গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়—সুব্রত খাজাঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অজপাড়াগাঁয়ের স্কুলটি এবার দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে গত শনিবার ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ দেওয়া হয়।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এবার ১৪টি শ্রেণিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার ১৮ শ্রেণিতে (বালক ও বালিকা) প্রথম স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়। সুব্রত খাজাঞ্চী বিদ্যালয় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে পুরস্কার পায়।
বিদ্যালয়টির যাত্রা শুরু ২০১৪ সালে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘বিদ্যালয়বিহীন ১৫০০ বিদ্যালয় স্থাপন’ প্রকল্পের আওতায় এটি প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাকাল থেকে প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন জগদীশ চন্দ্র রায়। শুরুতে মাত্র ৩৫ জন শিক্ষার্থী নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে পাঠদান শুরু হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩২০ জন। সরকারি বেতনভুক্ত শিক্ষক রয়েছেন পাঁচজন। স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহায়তায় নিয়োগ দেওয়া হয়েছে আরও চারজন খণ্ডকালীন শিক্ষক। তাঁদের মধ্যে সংগীত ও চারুকলার শিক্ষকও রয়েছেন।
বিদ্যালয় ঘুরে দেখা যায়, ৬৩ শতক জমিতে প্রাচীরঘেরা সুব্রত খাজাঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ যেন একটুকরো গোছানো বাগান। বিদ্যালয়ের প্রাচীর, এমনকি ভবনের ছাদেও আঁকা হয়েছে বিভিন্ন ফুল, ফল ও প্রাণীর ছবি। প্রধান ফটক দিয়ে বিদ্যালয়ে প্রবেশের দুই পাশে বিভিন্ন ফুলের গাছে শোভা পাচ্ছে নানা রঙের ফুল। শিশুদের বিনোদনের জন্য বিদ্যালয় চত্বরে রয়েছে দোলনা, ঢেঁকিকলসহ নানা ধরনের খেলার সরঞ্জাম। ভবনের সামনে রয়েছে সততা স্টোর ও শহীদ মিনার।
শ্রেণিকক্ষের দেয়ালগুলোতে বাংলা, ইংরেজি, গণিত বিষয়ের পাশাপাশি মানচিত্র, সৌরজগৎ, বিশিষ্ট ব্যক্তিদের ছবি ও সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাসরুমে শিশুরা ছবির মাধ্যমে পাঠ শেখে। প্রতি বৃহস্পতিবার হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, নাটক—সবই শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস কুমার রায় বলেন, ‘আমি এই এলাকার ছেলে। এ স্কুলে শিক্ষকতা করার স্বপ্ন ছিল। এখন নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।’
বিদ্যালয়ের এই অগ্রগতির পেছনে প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায়ের ভূমিকা সবচেয়ে বেশি। প্রতিদিনের নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় ব্যয় করেন তিনি। বিদ্যালয়ের উন্নয়নে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। নিজের উদ্যোগে তহবিল সংগ্রহ করে শিক্ষার মানোন্নয়নে কাজ করেছেন। গত বছরও স্কুলটি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছিল। এবার সেই সাফল্য পৌঁছেছে জাতীয় পর্যায়ে। প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায় বলেন, ‘এই অর্জনে আমরা গর্বিত। তবে এখানেই থামতে চাই না। বিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।’
শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা, শিশুদের প্রাণচাঞ্চল্য আর গ্রামের মানুষের ভালোবাসা—সব মিলিয়ে গড়ে উঠেছে দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয় এখন শুধু একটি স্কুল নয়, এটি হয়ে উঠেছে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার নতুন আলোকবর্তিকা।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে