Ajker Patrika

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  
ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার
ময়মনসিংহের ত্রিশালে এক টন পাঠ্যবইসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ত্রিশালে প্রায় এক টন সরকারি পাঠ্যবইসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক মো. জাকারিয়াকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত সিদ্দিকী সরকারি বইসহ পিকআপ জব্দ এবং চালককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক পিকআপচালক জাকারিয়া বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করে উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক এক টন পাঠ্যবইসহ পিকআপটি জব্দ এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়।

ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ‘ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার একটি পিকআপে সরকারি এসব পাঠ্যবই তুলে দিয়েছিলেন। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে আমাদের অবহিত করেন। পরে বই বিতরণের দায়িত্বে থাকা কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে সেখানে পুলিশও উপস্থিত ছিল। এরপর বইবোঝাই পিকআপসহ চালককে আটক করা হয়। তবে অভিযুক্ত মাদ্রাসা সুপারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী বলেন, নিয়মিত মামলা দায়েরের জন্য বইবোঝাই পিকআপসহ চালককে থানায় পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে, ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার ইউনুস আলী পাঠ্যবইগুলো বিক্রি করতে পিকআপে তুলে দিয়েছিলেন। তবে ঘটনাস্থলে তাঁকে পাওয়া যায়নি। মামলা দায়েরের পর তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বইবোঝাই পিকআপ ও এর চালককে থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত