
দেশ থেকে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা অর্থ ও সম্পদের ব্যবস্থাপনায় বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এই তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যাংক ও আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে এবং একটি অংশ ব্যয় করা হবে দরিদ্র জনগণের কল্যাণে সহযোগিতায়। সবকিছুই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
আজ সোমবার (১৯ মে) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম।
গভর্নর বলেন, লুটেরাদের জব্দ টাকা ও অবরুদ্ধ শেয়ারের ব্যবস্থাপনায় আলাদা একটি তহবিল গঠনের কাজ চলছে। ইতিমধ্যে এসব অর্থ সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে। এই তহবিল থেকে সংশ্লিষ্ট ব্যাংক ও আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি দরিদ্রদের উন্নয়নেও ব্যয় করা হবে।
প্রেস সচিব শফিকুল আলম জানান, বর্তমানে দেশে জব্দ করা স্থাবর সম্পত্তি ১ লাখ ৩০ হাজার ৭৫৮ কোটি টাকা এবং অস্থাবর সম্পত্তি ৪২ হাজার ৬১৪ কোটি টাকা, বৈদেশিক মুদ্রায় জব্দ ১৬ কোটি ৪০ লাখ ডলার, এ ছাড়া ২০০ কোটি টাকার বেশি মূল্যমানের ১২৫টি মামলা চিহ্নিত করা হয়েছে, যার কাজ এখনো চলমান।
সংবাদ সম্মেলনে গভর্নর জানান, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের জব্দ করা সম্পদের মূল্য হতে পারে ১২ থেকে ১৫ হাজার কোটি টাকা। এগুলো একটি স্ট্র্যাটেজিক বিনিয়োগকারীর কাছে হস্তান্তর করা হবে। জব্দ করা অর্থ আমানতকারীদের ক্ষতিপূরণে ব্যবহৃত হবে।
গভর্নর বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ দুর্নীতির মাধ্যমে ৬৫০ কোটি টাকার বেশি ই-মানি তৈরি করেছে এবং ২ হাজার কোটি টাকার বেশি ভাতা জালিয়াতি করেছে। তিনি সতর্ক করেন, এখনো তাদের দুর্নীতির আশঙ্কা থাকলেও বড়ধরনের নতুন ক্ষতির সম্ভাবনা নেই। তবে তারা তাদের অপকর্মের প্রমাণ মুছে ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি।
পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে গভর্নর বলেন, ‘আমাদের অভিজ্ঞতা না থাকলেও ইতিমধ্যে ছয় মাসের প্রশিক্ষণ চলছে এবং যৌথ তদন্তে দলের বিদেশি প্রশিক্ষকের সহায়তায় কাজ এগিয়ে চলছে। ইউকে, ইউএসএ, কানাডা, ইউএই ও সিঙ্গাপুর সহযোগিতার আশ্বাস দিয়েছে।’ তিনি আরও বলেন, সঠিক প্রমাণ পেলে পাচারকারীরা ওইসব দেশের নাগরিকত্বও হারাতে পারেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করতে সরকার ‘ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট’ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। যদিও একসঙ্গে সবকিছু করা সম্ভব নয়, ধাপে ধাপে সক্ষমতা অনুযায়ী এগোনো হবে বলে জানান গভর্নর।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৮ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৮ ঘণ্টা আগে