
আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। কিন্তু আজ বুধবার তিনি অফিস করছেন। এ নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ব্যাংকের সামনে। গভর্নরের নির্দেশের পরও অফিস করায় উত্তেজনা চরমে পৌঁছেছে। অফিস থেকে বের হলেই ‘পেটানোর’ হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।
তবে গভর্নরের নির্দেশনা মানতে বাধ্য নন বলে জানিয়েছেন শাহীনুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তো গভর্নরের অধীনে চাকরি করি না। তিনি বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে? তাঁর কী ভিত্তি রয়েছে? তাঁর কোনো অধিকার নেই। মূলত আমার অফিস বাংলাদেশ ব্যাংকে হওয়ায় আমি কেন্দ্রীয় ব্যাংকে এসে অফিস করছি। এখন গভর্নরের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। আর যাঁরা আন্দোলন করছেন বা হুমকি দিচ্ছেন, তা বৃথা আস্ফালন।’
গত সোমবার শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার জেরে পরদিন গতকাল মঙ্গলবার গভর্নর তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কথা গণমাধ্যমে জানান। গভর্নর জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএফআইইউর প্রধান ছুটিতে থাকবেন।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গভর্নর। কিন্তু অফিস করছেন বিএফআইইউর প্রধান শাহীনুল ইসলাম। ছড়িয়ে পড়া ভিডিও ভুয়া বলেও দাবি করেছেন তিনি। তবে কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিকভাবে ভিডিওর সত্যতা পাওয়ার কথা জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অধিকতর তদন্ত করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এদিকে আজ দুপুরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী জানিয়েছেন, বিএফআইইউর প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের বাধ্যতামূলক ছুটি বহাল থাকবে। তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাকির হোসেন চৌধুরী বলেন, বিএফআইইউর প্রধানকে এরই মধ্যে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন হাতে এলে সেটির ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তিনি বাধ্যতামূলক ছুটিতে থাকবেন।
শাহীনুল ইসলাম গভর্নরকে উপেক্ষা করে কোনো হাইকমান্ডের নির্দেশনায় আজ অফিস করতে এসেছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাকির হোসেন বলেন, ‘হাইকমান্ডের নির্দেশনা জানি না। তবে তাঁকে গভর্নরের নির্দেশনা (বাধ্যতামূলক ছুটি) জানিয়ে দেওয়া হলে তিনি তা মানবেন বলে জানিয়েছেন।’
আরও খবর পড়ুন:

উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক পদের কর্মকর্তা। আজ সোমবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে...
১৬ মিনিট আগে
বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ডিআর টাওয়ারে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইউরোপের বড় বাজার যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে গ্যাসের দাম এক লাফে অনেক খানি বেড়ে গেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাসিমো ডি অডোয়ার্ডো বলেন...
১ ঘণ্টা আগে
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে