মানুষের ভবিষ্যৎ সুরক্ষার সবচেয়ে নির্ভরযোগ্য অবলম্বন হলো জীবনবিমা। কিন্তু দাবি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা ও অনিয়ম, বিনিয়োগে অস্বচ্ছতা এবং নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএর দুর্বল তদারকি সে ভরসার ভিত্তি ক্রমেই সংকুচিত করেছে, বিশ্বাসের জায়গায় বড় ধরনের ধাক্কা লেগেছে। গত আড়াই বছরের হিসাব স্পষ্ট করে দেখাচ্ছে—খাতটিতে আস্থাহীনতা জমেছে, অসন্তোষ সঞ্চিত হয়েছে, আর এখন তা দৃশ্যমান সংকটে রূপ নিয়েছে। এ সময়ে সক্রিয় পলিসি কমেছে ১০ লাখ ২৫ হাজার ৯২৪টি, কমার হার ১৩.১৪ শতাংশ। এই ধারাবাহিক নিম্নগতি জীবনবিমা থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার সেই কঠিন বার্তা স্পষ্ট করে দিচ্ছে।
আইডিআরএর সর্বশেষ বার্ষিক ও অর্ধবার্ষিক প্রতিবেদনে দেখা যায়, দেশে মোট ৩৬টি জীবনবিমা কোম্পানি রয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে এসব প্রতিষ্ঠানে সক্রিয় পলিসি ছিল ৭৮ লাখ ৯ হাজার ১২১টি। ২০২৩ সালে তা নেমে আসে ৭৩ লাখ ৭৮ হাজার ২৭৬টিতে। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে কমে দাঁড়ায় ৭০ লাখ ৮৯ হাজার ৭৭৭টিতে, এক বছরে কমেছে ৭ লাখ ১৯ হাজার ৩৪৪টি পলিসি। চলতি বছরের প্রথম ৬ মাসেই, ২০২৫ সালের জুন শেষে পলিসির সংখ্যা আরও কমে ৬৭ লাখ ৮৩ হাজার ১৯৭টিতে দাঁড়িয়েছে—অর্থাৎ এই অর্ধবছরেই কমেছে ৩ লাখ ৬ হাজার ৫৮০টি পলিসি। অর্থাৎ নতুন পলিসি নেওয়ার বদলে অনেকে পুরোনো পলিসির টাকা তুলে নিচ্ছেন, উদ্বেগের বিষয় হচ্ছে, নতুন করে আর বিমার জালে জড়াচ্ছেন না কেউ।
আস্থাহীনতার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক মাইন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন ধরে দাবি নিষ্পত্তিতে দেরি হচ্ছে। তাঁর ভাষায়, ‘মানুষ যখন বছরের পর বছর নিজের প্রাপ্য টাকা পায় না, তখন তাঁরা বিমা থেকে মুখ ফিরিয়ে নিতেই বাধ্য হন।’
আইডিআরএর তথ্যমতে, পলিসি কমার শীর্ষে রয়েছে সোনালী লাইফ ইনস্যুরেন্স। প্রতিষ্ঠানটির বিমা কমেছে ২ লাখ ৩৭ হাজার ৬৬৮টি। ডেলটা লাইফের বিমা কমেছে ১ লাখ ৯৩ হাজার ৭৬৮টি। পপুলার লাইফের বিমা কমেছে ১ লাখ ৮৪ হাজার ৯৭৯টি। এরপর যথাক্রমে রয়েছে ন্যাশনাল লাইফ, প্রগতি লাইফ এবং আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।
চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সিইও এস এম জিয়াউল হক মনে করেন, ব্যবস্থাপনা কাঠামো দুর্বল হয়ে পড়ায় পুরো খাতই একধরনের সংকটের মুখে। তাঁর মতে, বিনিয়োগ, দাবি নিষ্পত্তি, গ্রাহকসেবা—সবক্ষেত্রেই শক্তিশালী নীতিমালা প্রয়োগ জরুরি।
নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ সংশ্লিষ্টদের অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বাংলাদেশ ইনস্যুরেন্স প্রফেশনালস সোসাইটির (বিআইপিএস) সেক্রেটারি জেনারেল এ কে এম এহসানুল হক বলেন, অনেক সময় অনিয়মের তদন্তে তথ্য-প্রমাণ পাওয়া গেলেও তা বাস্তবায়নের পর্যায়ে যথেষ্ট কঠোরতা থাকে না। এতে গ্রাহকের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞদের মতে, আইডিআরএর মানবসম্পদ, আইনগত কাঠামো ও তদারকি ক্ষমতা আরও শক্তিশালী না হলে সামগ্রিকভাবে গ্রাহক সুরক্ষা নিশ্চিত করা যাবে না।
তবে আইডিআরএর পরামর্শক সাইফুন্নাহার সুমি বলছেন ভিন্ন কথা। তাঁর মতে, খাতের বিচ্যুতি দূর করতে বিভিন্ন আইনি সংস্কার এখন প্রক্রিয়াধীন। তিনি বলেন, ‘দাবি নিষ্পত্তি দ্রুত করার নির্দেশনা দেওয়া হয়েছে, নিয়মগুলো আরও স্পষ্ট করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
তবে বিশেষজ্ঞরা মনে করেন, শুধু নির্দেশনা নয়—কার্যকর প্রয়োগই হবে মূল বিষয়। কারণ বিমা খাত টিকে থাকে মানুষের বিশ্বাসে। সে বিশ্বাস একবার নষ্ট হলে তা ফিরিয়ে আনা কঠিন। তাই দাবি নিষ্পত্তির সময়সীমা স্পষ্ট করা, বিনিয়োগের তথ্য প্রকাশ, স্বচ্ছ অডিট এবং শক্তিশালী নজরদারি—এসব ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনতেই হবে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে