রাজধানীসহ দেশের বাজারে গাড়ির খুচরা যন্ত্রাংশ বিক্রি হচ্ছে আইন না মেনে। ব্যাটারি, ইঞ্জিন অয়েল, হর্ন, ফিল্টার, ব্রেক শু, পিস্টন, টায়ারসহ অসংখ্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ প্যাকেটজাত অবস্থায় পাওয়া গেলেও বেশির ভাগ পণ্যের গায়ে নেই উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের সময় বা সর্বোচ্চ খুচরা মূল্য। অনেক পণ্যে নেই উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম বা কোন দেশ থেকে এসেছে, সেই তথ্যও। ফলে ক্রেতারা জানতে পারেন না পণ্যটি আসল না নকল, পুরোনো না নতুন, নিরাপদ কি না—তা বোঝা কঠিন হয়ে পড়ে। অথচ এসব তথ্য মোড়কে থাকা বাধ্যতামূলক। বাস্তবে তা মানা হচ্ছে না। এতে প্রতিদিনই প্রতারিত হচ্ছেন গাড়ির মালিকেরা। পাশাপাশি ঝুঁকিতে পড়ছে গাড়ির নিরাপত্তাও।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে প্রায় ৬৮ ধরনের পণ্য মোড়কজাতভাবে বিক্রির ক্ষেত্রে বাধ্যতামূলক মান সংরক্ষণের আওতায় রয়েছে। ২০১৮ সালের ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের ২৪ ধারার অধীনে এসব পণ্যের মোড়কে স্পষ্টভাবে লিখতে হবে নিট পরিমাণ, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনকারী ও আমদানিকারকের নাম, ঠিকানা এবং মোড়কীকরণের স্থান। কিন্তু রাজধানীর বংশাল, তেজগাঁও, গাবতলী, সেগুনবাগিচা, ইস্কাটন, গুলিস্তান, মিরপুর, বাড্ডা—এই এলাকার মোটর যন্ত্রাংশের দোকান ঘুরে দেখা গেছে, বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো।
বংশালের বড় মোটর যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হালিম মোটরসের মালিক মোহাম্মদ পান্না বলেন, ‘আমরা মূলত ভারত থেকে পণ্য নিয়ে আসি। ওখানে কিছু তথ্য থাকে, কিন্তু বাংলাদেশে এনে কী কী লেখা বাধ্যতামূলক, তা সঠিক জানি না। কোনো কর্তৃপক্ষও এসে বলে না।’
মোহাম্মদ পান্নার প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় প্রতিনিধি শরীফ আহমেদ বলেন, ‘একটি গাড়ির প্রায় ১৭ হাজারের বেশি পার্টস থাকে। সবগুলোতে উৎপাদন তারিখ বা মেয়াদ লেখা আসলে সম্ভব নয়। তার ওপর প্রতিদিন দাম ওঠানামা করছে। তাই সর্বোচ্চ খুচরা মূল্য লেখাও টিকছে না।’
রাজধানীর বাড্ডার মেসার্স আওলাদ হোসেন অটোমোবাইলসের মালিক আওলাদ হোসেন বলেন, ‘আমরা পাইকারি দোকান থেকে পণ্য নিয়ে খুচরা বিক্রি করি। কিন্তু দেখা যায়, ব্যাটারি বা অয়েলের প্যাকেটে কোনো তথ্য নেই। ফলে নিজেরাও জানি না যে পণ্যটা আসল না নকল, মেয়াদ ফুরিয়ে গেছে কি না।’
হাসকো ব্র্যান্ডের ব্যাটারি, চায়না থেকে আমদানি করা ইনজেক্টর ও ফিল্টার, থাইল্যান্ড থেকে আনা হর্ন—এসবের প্যাকেটেও নেই উৎপাদন কিংবা মেয়াদোত্তীর্ণের সময়। একটি ফিল্টারের মোড়কে লেখা ‘মেড ইন ইন্ডিয়া’। কিন্তু নেই কোনো তারিখ, নেই মূল্য এমনকি উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামটিও অস্পষ্ট।
বাজারে বিপদ, চোখ বন্ধ কর্তৃপক্ষের
এ অবস্থায় আইন থাকলেও কার্যকরের বাস্তবতা প্রায় শূন্য। ব্যবসায়ীরা বলছেন, কেউই তাঁদের এসব মান বজায় রাখার জন্য চাপ দেয় না। ফলে যাঁরা নিয়ম মানেন না, তাঁরা ব্যবসায় সুবিধা পান।
বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যেসব পণ্যে বাধ্যতামূলক মান প্রণয়ন করেছি, সেগুলোয় নজর বেশি। মোটর পার্টসও গুরুত্বপূর্ণ। তবে এখনো সে দিকটায় সেভাবে নজর দেওয়া হয়নি। ইঞ্জিন অয়েল যেহেতু বাধ্যতামূলক পণ্য, সেখানে নিয়ম না মানলে আমরা অভিযান চালাতে পারি।’
ফেরদৌস আলম আরও বলেন, মোটর যন্ত্রাংশ খাতেও নজরদারি টিম কাজ শুরু করতে পারে। এ ক্ষেত্রে আমদানি পর্যায়ে নজরদারির প্রয়োজন রয়েছে।
আইন কী বলে
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪১ ধারায় বলা হয়েছে, ‘যদি কেউ মোড়কজাত পণ্যে তথ্য গোপন করেন বা ভুল তথ্য দেন, তাহলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।’ খোঁজ নিয়ে জানা গেছে, গত পাঁচ বছরে এ ধরনের অপরাধে উল্লেখযোগ্য শাস্তি বা নজির নেই। কোনো বড় মোটর যন্ত্রাংশ আমদানিকারক বা খুচরা বিক্রেতার বিরুদ্ধে মামলা কিংবা জব্দ করার ঘটনা ঘটেনি।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
৩ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৪ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৮ ঘণ্টা আগে