জিএফআইয়ের প্রতিবেদন

বাণিজ্যের খাতায় হিসাব মেলে; কিন্তু বাস্তবে বড় ফাঁক থেকেই যাচ্ছে। সেই ফাঁক দিয়ে গত এক দশকে দেশ থেকে বেরিয়ে গেছে বিপুল অঙ্কের অর্থ। এ সময়ে আমদানি-রপ্তানির মিথ্যা ঘোষণা দিয়ে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার করা হয়েছে, যা দেশীয় মুদ্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। সেই হিসাবে প্রতিবছর গড়ে প্রায় ৬৮৩ কোটি ডলার দেশ থেকে পাচার করা হয়েছে—যা মোট বৈদেশিক বাণিজ্যের ১৬ শতাংশের সমান।
বাণিজ্যের আড়ালে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচারের বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) হালনাগাদ প্রতিবেদনে বাংলাদেশ চ্যাপ্টারে এমন তথ্য প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনের বৈশ্বিক তথ্য পর্যালোচনায় দেখানো হয়েছে, যত বড় বাণিজ্য, ততই সেখানে গরমিলের সুযোগ স্পষ্ট হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়, অর্থ পাচারের এই মহামারি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়; বরং এশিয়ার উন্নয়নশীল ও বড় অর্থনীতির দেশগুলো আরও বেশি আক্রান্ত। তথ্যমতে, গত এক দশকে চীন থেকে ৬ দশমিক ৯৬ ট্রিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশটির মোট বাণিজ্যের ২৪.৯ শতাংশ। একইভাবে থাইল্যান্ডে এই অঙ্ক ১ দশমিক ১৮ ট্রিলিয়ন ডলার ও ভারতের ক্ষেত্রে ১ দশমিক ০৬ ট্রিলিয়ন ডলার—এই দুই দেশ থেকেই মোট বাণিজ্যের প্রায় এক-চতুর্থাংশের কাছাকাছি অংশ মিথ্যা ঘোষণার মাধ্যমে পাচার হয়ে গেছে।
মোট ২৪টি দেশের তথ্য বিশ্লেষণ করে জিএফআই দেখিয়েছে, পাচার হওয়া অর্থের বড় অংশ, যার পরিমাণ ৩ হাজার ২৮০ কোটি ডলারই গেছে উন্নত অর্থনীতির দেশগুলোয়। তবে শতকরা হিসাবে বাংলাদেশ শীর্ষে না থাকলেও ঝুঁকি থেকে মুক্ত নয়। বরং ফিলিপাইন মোট বাণিজ্যের ২৫ দশমিক ৬ শতাংশ হারিয়ে শীর্ষে রয়েছে, এরপরই চীন ও পূর্বতিমুরের অবস্থান। এরপর থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও কম্বোডিয়া।
বিশ্লেষকদের মতে, এই অর্থ পাচারের বড় অংশই ঘটেছে রপ্তানিতে মিথ্যা ঘোষণা এবং আমদানি-রপ্তানির মূল্য ইচ্ছাকৃতভাবে কম বা বেশি দেখানোর মাধ্যমে। বাণিজ্যিক চালানে তথ্য বিকৃত করে অর্থ বিদেশে সরিয়ে নেওয়ার এ কৌশল দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হচ্ছে।
এর আগেও অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪ সালের ডিসেম্বরে জানায়, ২০০৯-২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে ২৩ হাজার ৪০০ কোটি ডলার পাচার হয়েছে। ওই সময়ের বাজারদরে যার পরিমাণ প্রায় ২৮ লাখ কোটি টাকা। গড়ে বছরে প্রায় ১ লাখ ৮০ হাজার কোটি টাকা দেশ ছাড়ে।
জিএফআইয়ের বিশ্লেষণে দেখা যায়, ২০১৩ সালে বাংলাদেশের মোট বাণিজ্যের সাড়ে ১৫ শতাংশ অর্থ পাচার হয়েছে, ২০১৬ সালে তা বেড়ে প্রায় ১৭ শতাংশে দাঁড়ায়। ২০১৭ সালে একই প্রবণতা থাকলেও ২০১৮ সালে কিছুটা কমে ১৫ শতাংশের আশপাশে নামে। ২০১৩-২২ সালের মধ্যে উন্নত অর্থনীতির দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে গরমিলের পরিমাণ প্রায় ৩৩ বিলিয়ন ডলার।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের অর্থ পাচার উন্নয়ন ও সুশাসনের জন্য বড় বাধা। এতে কর রাজস্ব কমে, বাজেট ঘাটতি বাড়ে, বৈদেশিক মুদ্রার ওপর চাপ সৃষ্টি হয় এবং দুর্নীতি ও অর্থ পাচারের ঝুঁকি বাড়ে। পরিস্থিতি মোকাবিলায় কাস্টমস ব্যবস্থার আধুনিকায়ন, আমদানি-রপ্তানি তথ্যের ডিজিটাল যাচাই, আঞ্চলিক ডেটা শেয়ারিং, ফ্রি ট্রেড জোনে নজরদারি জোরদার এবং বেনামি কোম্পানির মালিকানা তথ্য প্রকাশের মতো পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে জিএফআই।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব দেশের ইস্পাত খাতে সরাসরি দৃশ্যমান হয়ে উঠেছে। দিনদিন বাড়ছে এই ইস্পাত শিল্পের অন্যতম কাঁচামাল স্ক্র্যাপ ও প্লেটের দাম। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) তথ্যমতে, চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পে গত দুই সপ্তাহের ব্যবধানে ইস্পাতের কাঁচা
২ ঘণ্টা আগে
সঞ্চয়পত্রে বিনিয়োগের চেয়ে ভাঙার প্রবণতা এখনো বেশি। প্রক্রিয়াগত জটিলতা, ট্যাক্স রিটার্ন জমার বাধ্যবাধকতা এবং সুদের হার কাঠামোর কারণে সঞ্চয়পত্রের প্রতি সাধারণ মানুষের আগ্রহ কমছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিন ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় অনেকেই এখন আর আগের মতো সঞ্চয় ধরে
৪ ঘণ্টা আগে
বাংলাদেশে আটকে পড়া কুয়েতগামী প্রবাসী এবং নতুন ভিসাধারী কর্মীদের যাতায়াত সহজ করতে সৌদি আরবের ট্রানজিট ভিসা পাওয়া সহজ করার উদ্যোগ জোরদার করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। এই লক্ষ্যে ঢাকায় সৌদি আরবের দূতাবাসের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র...
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে ১৯তম ও ২০তম মোটরসাইকেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক ডিজিটাল র্যাফেল ড্রয়ের মাধ্যমে এই বিজয়ীদের নির্বাচন করা হয়।
১০ ঘণ্টা আগে