টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সেতু নির্মাণের জন্য বৈরান নদের উৎসমুখের কাছাকাছি বাঁধ নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।এলাকাবাসীর অভিযোগ, বিকল্প যাতায়াত ব্যবস্থার জন্য কালভার্ট বা ছোট সেতু নির্মাণ না করে ঠিকাদার ওই নদে আড়াআড়ি বাঁধ দিয়েছেন। এ কারণে নদে পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে নদের ভাটি অঞ্চলের ৩৪ কিলোমিটার এলাকা অর্ধমৃত
হয়ে পড়েছে।
ধনবাড়ী উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ধনবাড়ী-মুশুদ্দি সড়কের পাইস্কা বাজারের কাছে বৈরান নদের ওপর ৫৬ মিটার দৈর্ঘ্য ও ৮ মিটার প্রস্থের একটি নেতু নির্মাণ করা হচ্ছে। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৭ লাখ ৪৬২ টাকা। এটি নির্মাণ করছে মেসার্স ফ্রেন্ডস কনস্ট্রাকশন অ্যান্ড মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ (জেবি)। গত বছরের ৬ জুন শুরু হওয়া নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ১১ মে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানা গেছে, ধনবাড়ী উপজেলার মুশুদ্দি এলাকার ঝিনাই নদ থেকে বৈরান নদের সৃষ্টি। নদটি ধনবাড়ীর, গোপালপুর, ভূঞাপুর ও ঘাটাইলে স্বর্পিলাকৃতিতে ৩৬ কিলোমিটার ঘুরে আবার টিকরী এলাকায় ঝিনাই নদে যুক্ত হয়েছে। ১৫টি খাল ও অসংখ্য বিলের মাধ্যমে অন্তত ২২ গ্রামের মানুষ উপকৃত হন। কিন্তু নদটিতে বাঁধ দেওয়ায় খালগুলো পানিশূন্য হয়ে পড়েছে। স্রোত না থাকায় পোলট্রির বর্জ্য এবং ময়লা-আবর্জনা পচে পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নদের দুই পাশে সেতুর নির্মাণসামগ্রী পড়ে আছে। নির্মাণকাজ পুরোপুরি বন্ধ রয়েছে। মাঝের দুটি পিলার ও গার্ডারসহ ভিত্তি নির্মাণের কাজ শেষ হয়েছে। ছাদ ঢালাইয়ের কাজ বাকি রয়েছে। বর্তমানে একাংশে পাটাতন বিছানো রয়েছে। নদের ওপর নির্মিত বাঁধে বিভিন্ন বয়সের মানুষ পায়চারি করছেন। তাঁদের অধিকাংশ বাঁধটি ধসে পানিপ্রবাহের পথ উন্মুক্ত হলে উপকৃত হবেন বলে জানান। তবে কেউ নাম প্রকাশ করতে রাজি হননি।
পাশের গোলাপুর উপজেলার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘ছয় মাস ধরে বৈরান নদে পানিপ্রবাহ বন্ধ রয়েছে। নদের সঙ্গে যুক্ত পুকুরজানি খাল, কুইচামারী খাল, চন্দবাড়ী খাল, ভেদাখালী খাল, মির্জাপুর খাল, খাগবরিয়ান খাল, পলশিয়া খালসহ অন্তত ১৫টি খাল, অসংখ্য নালা-বিল শুকিয়ে গেছে। এদিকে হাদিরা ও ধোপাকান্দি ইউনিয়নে নদের পাশে গড়ে ওঠা অসংখ্যা মুরগির খামারের বিষ্ঠা আর ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এর কারণ খুঁজতে গিয়ে দেখি, ধনবাড়ীর পাইস্কা বাজারের কাছে নদে বাঁধ দিয়ে সেতু নির্মাণ করা হচ্ছে। পরে বিষয়টি আমরা স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনকে জানাই।’
কোনাবাড়ী এলাকার ইউসুফ আলী বলেন, খাল-বিল শুকিয়ে গেছে। আর নদে কচুরিপানার স্তূপ সৃষ্টি হয়েছে। নন্দনপুরের আব্দুল জলিল রতন বলেন, ‘পাইস্কা এলাকায় নদে বাঁধ দিয়ে আমাদের জনজীবন দুর্বিষহ করে তোলা হয়েছে। নদে সৃষ্টি কচুরিপানার স্তূপের ওপর দিয়ে হেঁটে এপার থেকে ওপার যাওয়া যায়। পানিপ্রবাহের পথ উন্মুক্ত না হলে নদটি মরে যাবে।’
গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ হাসান জামি বলেন, ‘বৈরান নদের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কোটি কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রী এটি খনন করেছেন। একজন ঠিকাদারের সুবিধা দেখে পুরো এলাকার জনসাধারণের ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পানিপ্রবাহের পথ বন্ধ করে তাঁরা ঠিক করেননি। বিষয়টি এলজিইডির দায়িত্বশীলদেরও দেখা উচিত ছিল।’
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশীদার রফিকুল ইসলাম বাবুল বলেন, ‘আমরা শিডিউল মেনেই কাজ করছি। দ্রুতই কাজ শেষ করব।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ধনবাড়ী উপজেলা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি প্রকল্প এলাকায় গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে