
সিরাজগঞ্জের কাজীপুরে প্রায় ৩৬ বছর আগে বিক্রীত একটি ফসলি জমি পুনরায় দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বগুড়ার ধুনট উপজেলার মোজাম খা কাজীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন কাজীপুরের উত্তর পাইকপাড়া গ্রামের মৃত এশার আলীর ছেলে মো. রফিকুল মণ্ডল (৫৫), মো. হবিবর মণ্ডল (৪৮), মো. মাজেন মণ্ডল (৪৬) এবং স্থলবাড়ী গ্রামের মৃত তবজেলের ছেলে মো. তুজাম মিয়া (৬৫)।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, কাজীপুরের কৃষ্ণগোবিন্দপুর মৌজার সিএস ৩৫৯ নম্বর খতিয়ান ও আরএস ২৭৮ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত জমিটি ১৯৮২ সালে ৬৪৮৩ ও ১৯৮৬ সালের ১৫৫৪ নম্বর দলিলের মাধ্যমে গেদি বিবি ও আলতা খাতুনের কাছ থেকে পাইকপাড়া গ্রামের এশার আলী ক্রয় করেন। পরবর্তী সময়ে ১৯৯০ সালে এশার আলীর কাছ থেকে পূর্বভরণশাহী গ্রামের মোজাম খা জমিটি ক্রয় করেন বলে দাবি করেন ভুক্তভোগী।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সময়ে রেকর্ড সংশোধনের সময় সাবেক দাগ ৬২ সঠিকভাবে উল্লেখ থাকলেও আরএস রেকর্ডে ভুলবশত ৩৪১-এর পরিবর্তে ৩৪৯ দাগ অন্তর্ভুক্ত হয়, যা খাস খতিয়ানের জমি হিসেবে নথিভুক্ত। বিষয়টি নিয়ে বর্তমানে আদালতে সংশোধনের আবেদন বিচারাধীন।
ভুক্তভোগী মোজাম খা অভিযোগ করেন, ‘আমি ১৯৯০ সালে জমিটি কিনে প্রায় ৩৬ বছর ধরে চাষাবাদ করে আসছি। সম্প্রতি তারা জোরপূর্বক হালচাষ করে পাটবীজ বপন করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি আদালতের শরণাপন্ন হয়েছি।’
অন্যদিকে অভিযুক্ত রফিকুল মণ্ডল দাবি করেন, ‘আমার বাবা ওই জমি বিক্রি করেননি। মোজামরা জোর করে চাষ করছে। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে।’
এ বিষয়ে স্থানীয়ভাবে অনুষ্ঠিত সালিসে উপস্থিত সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দোলা সরকার বলেন, ‘রফিকের বাবা ১৯৯০ সালেই জমিটি বিক্রি করেছেন। কাগজপত্র মোজাম খার পক্ষেই রয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, ‘আমি মিটিংয়ে আছি,পরে মন্তব্য করব।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে