
ভোরের আলো ফোটার আগেই বেরিয়ে পড়েন মোছা. শাহীদা বেগম। গন্তব্য এক হিন্দু পরিবারের বাসা। সেখানে ঝিয়ের কাজ করেন। মাস শেষে হাতে পান এক হাজার টাকা আর পাঁচ কেজি চাল। সেই আয় আর আশপাশের মানুষের দান-সদকায় চলে তাঁর সংসার।
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া গ্রামের এক কোনায় পলিথিনে মোড়ানো এক ঝুপড়িঘরে বসে জীবনের কঠিন গল্প শোনাচ্ছিলেন প্রায় ৫০ বছরের বিধবা মোছা. শাহীদা বেগম।
ঘরের এক পাশে কাঠের চৌকি, পাশে খাবারের ডালা, ছেঁড়া কাঁথা—সবকিছুই যেন জীবনের দুঃসহ কষ্টের সাক্ষ্য দেয়।
শাহীদা বেগম জানান, তাঁর প্রথম স্বামী আকতার শেখ ১৯৮৮ সালে ডায়রিয়ায় মারা যান। এরপর দ্বিতীয়বার বিয়ে করলেও সেই স্বামী কয়েক বছরের মধ্যে জ্বরে মারা যান। সন্তানদের নিয়েই জীবন কাটছিল, কিন্তু কয়েক বছর আগে যুবক ছেলে আতাউরের মৃত্যু যেন সবকিছু ছিন্নভিন্ন করে দেয়।

নিজের সামর্থ্যেই কষ্টে ৩ শতাংশ জমি কিনে সেখানে একটি ভাঙাচোরা ঘর তুলেছিলেন। কিন্তু এক-দেড় বছর আগে ঝড়ে সেই ঘরও ভেঙে যায়। এখন পলিথিন দিয়ে কোনোরকমে মাথার ওপর ছায়া তৈরি করে বসবাস করছেন বাক্প্রতিবন্ধী মেয়ে তারাবানু (তারানী) ও মৃত ছেলের একমাত্র সন্তানকে নিয়ে।
সরেজমিন দেখা যায়, টিন নেই, জানালা-দরজাও নেই। বৃষ্টি নামলেই পানি পড়ে ঘরে। সেই পানির মধ্যেই কাটে রাত-দিন। কোনোভাবে নামাজ পড়াও সম্ভব হয় না।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর বড় ছেলে বিয়ের কয়েক বছর পরই মারা গেছেন। সেই ঘরে রয়েছে একটি ছয়-সাত বছরের শিশু। বাক্প্রতিবন্ধী মেয়েরও বিয়ে হয়েছিল, কিন্তু সংসার টেকেনি। আর ছোট ছেলে আগে দিনমজুরের কাজ করতেন, এখন আর তা-ও করতে পারেন না।
সব মিলিয়ে মানবেতর এক জীবন পার করছেন শাহীদা বেগম।
শাহীদা বেগম আজকের পত্রিকাকে জানান, একটু শান্তিতে নামাজ পড়তে পারেন না। শুধু কষ্ট আর চোখের পানি। একাধিকবার ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা কার্যালয়ে গেছেন সরকারি বয়স্ক বা বিধবা ভাতার জন্য। কিন্তু কোনো ফল হয়নি।
শাহীদা বলেন, ‘সবাই বলে আসেন, পরে দেখা যাবে। কেউ একটা কার্ড করে দেয় না। আর কত ঘুরব? এখন যদি সরকার একটা ঘর দিত, একটা ভাতার কার্ড দিত, তাহলে হয়তো শেষ জীবনটা একটু শান্তিতে কাটাতে পারতাম।’
এ বিষয়ে জানতে কালিয়া এলাকার ইউপি সদস্য সাইফুলের মোবাইল ফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
সিরাজগঞ্জ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার যখন অনলাইনে আবেদনের সময় দেয়, তখন হয়তো আমরা বিষয়টি দেখতে পারি। এমনি বললেই তো আসলে কাউকে বয়স্ক বা বিধবা ভাতার কার্ড দেওয়া যায় না। তবে ওনার ছবি পাঠান, দেখি এরপর খোঁজখবর নিয়ে দেখব।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে