
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পাবনা সদর উপজেলার সিঙ্গার উত্তরপাড়া এলাকার মো. সিয়াম হোসেন (২০) ও শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের খিলগাঁও এলাকার মো. শাকিল হোসেন গাজী (১৮)। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মামলায় বয়স বিবেচনায় ঘটনার সময় শিশু হওয়ায় একই এলাকার এক কিশোরকে বিভিন্ন ধারায় মোট ২১ বছরের কারাদণ্ড দেন আদালত।
রায় ঘোষণার পর আদালত চত্বরে আসামিদের ওপর বিক্ষুব্ধ জনতা হামলার চেষ্টা করে। তবে পুলিশ সদস্যদের তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান রোকন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিবিড় হত্যা মামলায় চারজন আসামি থাকলেও তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়ায় পিবিআইয়ের অভিযোগপত্র অনুযায়ী শাওন চৌকিদারকে আগেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১ আগস্ট শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের খিলগাঁও এলাকার মালয়েশিয়াপ্রবাসী মনির খান ও নিপা আক্তারের ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হৃদয় খান নিবিড় বিকেলে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যায় নিবিড়ের মায়ের ফোনে কল করে অপহরণের কথা জানিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন আসামিরা।
পরে বিষয়টি পুলিশকে জানালে তথ্যপ্রযুক্তির সহায়তায় শাকিল হোসেন গাজী, সিয়াম হোসেন ও ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন সকালে বাড়ির কাছে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় নিবিড়ের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি জেলাজুড়ে আলোচনার সৃষ্টি হয়। নিহত নিবিড়ের দাদা মমিন আলী খান বাদী হয়ে শরীয়তপুর সদর পালং মডেল থানায় হত্যা মামলা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী মমিন আলী খান বলেন, ‘আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। আমাদের একটাই দাবি, এই রায় যেন দ্রুত কার্যকর করা হয়। তবে এক আসামির মৃত্যুদণ্ড না দেওয়ায় আমরা উচ্চ আদালতে আপিল করব।’
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইশতিয়াক আহমেদ সৈকত বলেন, ‘এই রায়ে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা উচ্চ আদালতে আপিল করব।’
শরীয়তপুর কোর্ট পুলিশের পরিদর্শক শিমুল সরকার বলেন, রায় ঘোষণার পর বিক্ষুব্ধ জনতা আসামিদের ওপর হামলার চেষ্টা করলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আসামিদের নিরাপদে হাজতখানায় পৌঁছে দেয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে