
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার দারুল আমান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর ডামুড্যা এলাকার জলিল সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন বগুড়ার সোনাতলী এলাকার আফসার ব্যাপারীর ছেলে লিটন ব্যাপারী (৩৫) ও দুলু শেখের ছেলে মালেক শেখ (৪৫)।
তাঁরা দীর্ঘ ২০ বছর ধরে ডামুড্যা এলাকায় ভাড়াবাসায় থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেপটিক ট্যাংক পরিষ্কার করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জলিল সরদারের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য মালেক ও লিটন ১০ হাজার টাকা চুক্তি করেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে তাঁরা ট্যাংকের ভেতরে পাইপ বসিয়ে ময়লা অপসারণ করছিলেন।
এ সময় পাইপ খুলে গেলে লিটন ব্যাপারি পাইপ লাগানোর জন্য ট্যাংকের ভেতরে নামতে গেলে তিনি নিচে পড়ে যান। তাঁর কোনো সাড়া না পেয়ে মালেক ট্যাংকের মুখে গেলে তিনিও নিচে পড়ে যান। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টার দিকে ট্যাংকের ভেতর থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন।
ডামুড্যা ফায়ার সার্ভিসের টিমলিডার প্রদীপ কীর্তনীয়া বলেন, ‘সেপটিক ট্যাংকের ভেতরে প্রচুর বিষাক্ত গ্যাস ছিল। বিষাক্ত গ্যাসের কারণেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা গ্যাস অপসারণ করে দুজনের মরদেহ উদ্ধার করেছি।’
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য দুই পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে