
উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়া আবীর হোসেনের মায়ের আহাজারি থামছেই না। সন্তানের মুখ শেষবারের মতো দেখতে অপেক্ষায় রয়েছেন মা আঞ্জুয়ারা বেগম। কোনো প্রকার হয়রানি ছাড়াই অতি দ্রুত যুক্তরাষ্ট্র থেকে মরদেহ দেশে ফেরত চান স্বজনেরা।
আজ রোববার সকালে সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট শেখপাড়া গ্রামে আবীর হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, আবীরের মা আঞ্জুয়ারা বেগম ছেলের ছবি বুকে জড়িয়ে অঝোরে কাঁদছেন। পাশে আবীরের ভাইবোন ও প্রতিবেশীরা মলিন মুখে বসে রয়েছেন।
নিহত আবীর হোসেন (৩৮) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট শেখপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছোট ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। আমেরিকাতে পড়াশোনার পাশাপাশি একটি আইফোন সেলস সেন্টার ও ‘ক্রিস ফুড মার্ট’ নামের একটি কফি শপে পার্টটাইম চাকরি করতেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাংলাদেশ সময় গতকাল শনিবার সকাল ৯টার দিকে আবীর হোসেনের কফি শপে টাকা ও মালামাল লুট করার উদ্দেশ্যে একদল সন্ত্রাসী প্রবেশ করে। সন্ত্রাসীদের বাধা দিয়ে মালিকের কাছে ফোন করার চেষ্টা করছিলেন আবীর। এ সময় ডাকাতদের একজন তাঁকে গুলি করে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ আবীর হোসেন সেখানেই মারা যান। আবীরের মরদেহ দেশে নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন।
প্রতিবেশী শেখ মনিরুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত এক আত্মীয়ের মাধ্যমে আবীরের মৃত্যুর ঘটনা জেনেছেন তাঁরা। মৃতদেহটি অতি দ্রুত ফিরে পেলে তাঁর নিজ বাড়ি কলারোয়ার ঝাঁপাঘাট গ্রামের শেখপাড়ায় দাফন করা হবে।
আবীরের বড় বোন আয়েশা খাতুন বলেন, আবীর হোসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে যুক্তরাষ্ট্রের লামার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সেখানে স্ত্রী ও তিন বছরের কন্যাসন্তান নিয়ে বাস করতেন। সরকারের কাছে তিনি আবীরের মা, স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানের দেখাশোনা করার জন্য ক্ষতিপূরণ এবং ভাই হত্যার অতি দ্রুত বিচার দাবি জানান।
আবীরের মেজো ভাই জাকির হোসেন বলেন, ‘অন্য দেশের আইন ও বিচার বিভাগের প্রতি নাক গলায় আমেরিকা। সেই আমেরিকার মতো একটা দেশে পড়তে যাওয়া আমার ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যায় জড়িত থাকা সন্দেহে দুজনকে আটক করে একজনকে ছেড়ে দিয়েছে।’
কোনো হয়রানি ছাড়াই আবীরের মরদেহ অতি দ্রুত ফেরত এবং আবীর হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবি জানান তিনি ও তাঁর পরিবার।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে