
যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশি গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ আবির হোসেনের মরদেহ ১২ দিন পর তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়ায় পৌঁছেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে আবিরের মরদেহ বাড়িতে পৌঁছালে তীব্র শীত উপেক্ষা করে সেখানে শত শত মানুষের ভিড় জমে। এর আগে বুধবার বেলা পৌনে ১২টার দিকে আবিরের মরদেহ বহনকারী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবরতরণ করে।
মাত্র ১০ মাস আগে আবিরের বাবা মারা যান। অল্প সময়ের ব্যবধানে ছেলেকেও হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা আঞ্জুয়ারা বেগম। ছেলের শোকে তাঁর আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
বাড়িতে আবিরের মরদেহ পৌঁছানোর পর রাত ১১টার দিকে ঝাঁপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই আবিরকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর শুক্রবার টেক্সাসের ক্রিস ফুড মার্ট নামে একটি রেস্তোঁরায় গুলিবিদ্ধ হয়ে শেখ আবির হোসেন নিহত হন।
আঞ্জুয়ারা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘ছিনতাইকারীদের বাধা দেওয়ায় আমার ছেলেকে জীবন দিতে হয়েছে।’
নিহত আবিরের শ্বশুর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাহ আলম মজুমদার বলেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিভিন্ন ছাত্র সংস্থার সহযোগিতায় আবিরের মরদেহ দ্রুত দেশে আনা সম্ভব হয়েছে। তবে মামলা নিষ্পত্তির জন্য আবিরের স্ত্রী ও সন্তানকে আমেরিকায় থাকতে হচ্ছে। ধারণা করা হচ্ছে, সেখানকার আইনের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন সাজা হতে পারে।
তবে বাংলাদেশ সরকারসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত ও নিহতের পরিবারের ক্ষতিপূরণের সুব্যবস্থা করার দাবি জানান পরিবারটির সদস্যরা।
নিহত শেখ আবির হোসেন (৩৮) কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের মৃত শেখ আজিজুল হাকিমের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের লামার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান। পড়াশোনার পাশাপাশি টেক্সাসের বিউমন্ট শহরের ক্রিস ফুড মার্ট নামের একটি রেস্তোরাঁয় কাজ করতেন। আবির পরিবারের পাঁচ ভাই তিন বোনের মধ্যে সবার ছোট।
নিহতের ভাই শেখ জাকির হোসেন জানান, এক বছর আগে ২০২২ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তাঁর ভাই আবির। বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে পিএইচডি শেষ করে একই বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহকারী হিসেবে কাজ করতেন। আবিরের স্ত্রী সানজিদা আলম মজুমদার তাঁদের দুই বছরের মেয়ে আরশিয়াকে নিয়ে নিউইয়র্কে মা-বাবার সঙ্গে থাকতেন। আর আবির থাকতেন টেক্সাসে। আবির যুক্তরাষ্ট্রে যাওয়ার দুই মাসের মধ্যে তাদের বাবা আজিজুল হাকিম মারা যান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ২০১৪ সালে আবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে প্রথম শ্রেণিতে দ্বিতীয় হয়ে স্নাতকোত্তর পাশ করেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ শুরু করেন। তারপর অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক ছিলেন। ২০২২ সালের ৩০ ডিসেম্বর বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যান। এর এক বছর পরেই তিনি সেখানে দুর্বৃত্তের গুলিতে মারা গেলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে