
সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরে ইউএনও বাংলো থেকে মূল সড়ক পর্যন্ত ১০০ মিটার রাস্তা টাইলসকরণ প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কের টাইলস উঠে যাওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলো থেকে মূল সড়ক পর্যন্ত ১০০ মিটার রাস্তা ঢালাইসহ টাইলস বসানোর কাজটি এডিপির আওতায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। দরপত্রের মাধ্যমে ঠিকাদার এমডি আশরাফ আলী কার্যাদেশ পেলেও জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে কাজটি পরিচালিত হয়। উপজেলা সহকারী প্রকৌশলী স্বজল কুমার শীল প্রকল্পটির তদারকি করেন। চলতি মাসের ১৫ তারিখে কাজ শেষ হয়েছে।
গতকাল রোববার (২৯ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাজ শেষ হওয়ার ১৫ দিন যেতে না যেতেই রাস্তার টাইলস এখন হাত দিয়েই উঠিয়ে ফেলা যাচ্ছে। কাজের মান নিম্নমানের হওয়ায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা বিলের অনুমোদন দেননি বলে জানা গেছে। বর্তমানে মিস্ত্রি শাহিন গাজী সংস্কারের জন্য টাইলস তুলে পুনরায় বসানোর কাজ করছেন।
মিস্ত্রি শাহিন গাজী বলেন, ঢালাইয়ের ওপর বালুর সঙ্গে প্রয়োজনীয় পরিমাণ সিমেন্ট না দেওয়ায় টাইলস ঠিকভাবে বসেনি, ফলে সহজেই উঠে যাচ্ছে। এ কারণে সংস্কারের কাজ চলছে।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন, আব্দুর রহমান ও জয়দেবসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ঢালাইয়ের সময়ও পর্যাপ্ত সিমেন্ট ব্যবহার করা হয়নি এবং টাইলস বসানোর সময় আরও কম দেওয়া হয়েছে। ফলে পা দিয়ে চাপ দিলেই টাইলস উঠে যাচ্ছে।
এ বিষয়ে ঠিকাদার এমডি আশরাফ আলী বলেন, কাজটি তাঁর নামে হলেও জাহাঙ্গীর হোসেন বাস্তবায়ন করছেন। কোনো অনিয়ম হয়েছে কিনা তা তিনি অবগত নন।
উপজেলা সহকারী প্রকৌশলী স্বজল কুমার শীল দাবি করেন, কাজে কোনো অনিয়ম হয়নি। টাইলস বসানোর পর সঠিকভাবে পানি না দেওয়ায় তা শক্ত হয়নি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে এবং কাজ শুরু হয়েছে।
উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, তিনি বর্তমানে বাইরে রয়েছেন, পরে এ বিষয়ে কথা বলবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা বলেন, তিনি নতুন যোগদান করেছেন। বিষয়টি এখনো বিস্তারিত জানা হয়নি। উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে