
রংপুরের পীরগাছায় নিরাপত্তা-সংকট বিবেচনায় লোহার খাঁচায় বন্দী করে ফেলা হচ্ছে পেট্রলপাম্পগুলো। ইতিমধ্যে উপজেলার দুটি তেলের পাম্প লোহার খাঁচায় ঘিরে ফেলা হয়েছে। পাম্প দুটি হলো উপজেলার পাকারমাথা এলাকার মেসার্স স্বপন ফিলিং স্টেশন ও ইটাকুমারী ইউনিয়নের মেসার্স আজিরণ ফিলিং স্টেশন।
জানা গেছে, কয়েক দিন ধরে পেট্রলপাম্পগুলোতে হাতাহাতি এবং মারামারির ঘটনাও ঘটছে। ফলে নিরাপত্তা-সংকট এড়াতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গতকাল শনিবার দুপুরে পাকার মাথার মেসার্স স্বপন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পাম্পের সম্মুখভাগে ইট-সিমেন্টের শক্ত ভিত্তির ওপরে লোহার গ্রিল বসানো হয়েছে। মিস্ত্রিরা তখনো কাজ করছিলেন। পাম্পের দুই মাথায় দুটি গেট করা হয়েছে। যার একটি দিয়ে ঢোকা এবং একটি দিয়ে বের হওয়ার জন্য।
এ সময় কথা হয় পাম্প মালিক স্বপন কুমারের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা যে পরিমাণ তেল বরাদ্দ পাই, তাতে আমাদের পরিবহন খরচ উঠছে না। তার ওপর তেল দিতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হয়। বাঁশের ঘেরা, টিনের বেড়া দিয়ে কোনো কাজ হয়নি। সব ভেঙে ফেলেছে। তাই আমরা নিরাপত্তা শঙ্কা নিয়ে লোহার খাঁচায় পাম্প ঘিরে ফেলা হচ্ছে। এতে আমাদের প্রায় আড়াই লাখ টাকা অতিরিক্ত খরচ হলেও গ্রাহক সামলানো যাবে।’
লোহার খাঁচায় পাম্প ঘেরার বিষয়ে গ্রাহকেরাও ইতিবাচক মনোভাব প্রকাশ করছেন। তাঁরা বলছেন, পাম্পের নিরাপত্তায় লোহার গ্রিল দিয়ে ঘেরা সময়োপযোগী ব্যবস্থা। অনেক পাম্পে মারামারির ঘটনা ঘটছে। লোহার গ্রিল হয়তো সুশৃঙ্খলভাবে তেল পেতে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে।
স্থানীয় তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল বলেন, বর্তমান তেল পরিস্থিতিতে এ ধরনের ব্যবস্থা না করলে বিপদ হতে পারে। তাই এটাই এখন সময় উপযোগী। ফলে শৃঙ্খলা বজায় থাকবে।
এ ব্যাপারে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক বলেন, ‘মানুষকে কন্ট্রোল করা কঠিন। তাই পাম্পে এ ধরনের উদ্যোগ খুব ভালো। তারপরও আমরা চেষ্টা করব, সবাই যেন শান্তিপূর্ণভাবে তেল নিতে পারে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে