
রংপুরের তারাগঞ্জ উপজেলার নতুন চৌপথি জামে মসজিদের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর থেকে বেলা ৩টা পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
প্রত্যক্ষদর্শী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, ওই মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমানের মৃত্যুর পর মসজিদ কমিটি ভেঙে যায়। আজ দুপুরে মসজিদ কমিটি পুনর্গঠন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মসজিদের জমি ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা চলাকালে বিরোধের সূত্রপাত হয়। মসজিদের নামে থাকা প্রায় ১৬ বিঘা জমি বন্ধক দেওয়া ও আরও ১৫ শতক জমি উদ্ধারের বিষয়টি নিয়ে আলোচনা হলে শ্রমিক দলের নেতা সোহেল রানা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
একপর্যায়ে তিনি আলোচনা ছাড়াই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপুকে মসজিদ কমিটির সভাপতি ঘোষণা করেন। এ নিয়ে সভায় উপস্থিত অন্যদের সঙ্গে তর্কবিতর্ক থেকে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ও তাঁর বড় ভাই গোলাম সরওয়ারের সঙ্গে মেহেদী হাসান শিপু ও সোহেল রানার লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুই পক্ষ মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে। এতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘মসজিদ কমিটির সভাপতি মারা যাওয়ার পর আজ আমরা নতুন কমিটির বিষয়ে আলোচনায় বসেছিলাম। এ সময় মসজিদের জমিজমা ও আর্থিক বিষয় নিয়ে সোহেলের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। সোহেল মেহেদীকে কারও সম্মতি ছাড়া সভাপতি করার সিদ্ধান্ত জানান। সেখানে বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু গেলে গন্ডগোল সৃষ্টি হয়।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু আজকের পত্রিকাকে বলেন, ‘কমিটি নিয়া ওরা বসছে, গন্ডগোল। আমি দেখবার গেছি, দেখছি কী এক হট্টগোল। আমি থামবার যায় এখন লাস্টে আমারই সঙ্গে গন্ডগোল করতে চাচ্ছে। আর আমি তো সভাপতি হবারও চাইনি।’
অভিযোগের বিষয়ে শ্রমিক দলের নেতা সোহেল রানা বলেন, ‘আমার দাদা জমি দান করে গেছেন। আমার বাবা সেই জমি বন্ধক দিয়েছেন। ১৬ বিঘা নয়, আড়াই বিঘা। আমি কোনো ঝামেলা করিনি। ওরাই গন্ডগোল সৃষ্টি করেছে। ওরাই আগে গায়ে হাত তুলেছে।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘মসজিদ কমিটি নিয়ে ঝামেলা। আমাদের পুলিশ মাঠে আছে। পরিস্থিতি কিছুটা শান্ত। দুই পক্ষের লোকই ঠান্ডা আছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে