
রংপুর-দিনাজপুর মহাসড়কে আজ সকালে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকের সামনের কেবিন দুমড়েমুচড়ে যায়। ছবি: আজকের পত্রিকা
রংপুরের তারাগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাক ও ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এই ঘটনায় একজন চালকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল ৭টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ হাজীপুর এলাকার খারুভাজ ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে রংপুরগামী পাথরবোঝাই ট্রাক এবং রংপুর থেকে সৈয়দপুরমুখী ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাক রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ হাজীপুর খারুভাজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের কেবিন দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী (৩৫) নিহত হন। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলুলী গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে। অপর দিকে বিআরটিসি ট্রাকের চালকও ঘটনাস্থলেই নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় পাথরবোঝাই ট্রাকের হেলপার আরিফুল (৩২) গুরুতর আহত হন। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে হাজীপুর এলাকার খারুভাজ ব্রিজের পশ্চিম পাশে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় দুই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন এবং একজন হেলপার গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত বিআরটিসি ট্রাকচালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে