Ajker Patrika

‘আ.লীগের দালালি করছিস, বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ গুলি করব’

রংপুর প্রতিনিধি
‘আ.লীগের দালালি করছিস, বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ গুলি করব’
যুবদল নেতা মনু।

রংপুরে কারাবন্দী যুবলীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। গতকাল রোববার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে অভিযুক্ত দুজনের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বহিষ্কৃত ব্যক্তিরা হলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু ও সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব।

এর আগে গতকাল নগরীর প্রেসক্লাব এলাকায় যুবদল নেতা আকিবুল রহমান মনু লোকজন নিয়ে ‘ক্যাবল ওয়ান নেটওয়ার্ক’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানের অফিসে হামলা চালান। একপর্যায়ে আকিবুল রহমান প্রতিষ্ঠানের জিএমকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেন।

ছড়িয়ে পড়া ৪ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অফিসে অবস্থানকাল যুবদল নেতা মনু মায়া সাইবার ওয়ার্ল্ডের জিএম কাফিকে কল করে গালাগালি করেন।

এ সময় মনু বলেন, ‘তুই আওয়ামী লীগের দালালি করছিস। তোর বাসায় গিয়ে গুলি করে আসব। আজকে বিকেলের মধ্যে যদি সমাধান না করিস, তাহলে তোর বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব।’

অভিযোগ সূত্রে জানা যায়, ‘ক্যাবল ওয়ান নেটওয়ার্ক’ নামের প্রতিষ্ঠানের মাধ্যমে নগরীর কামাল কাছনা থেকে দখিগঞ্জ শ্মশান এলাকা পর্যন্ত কেবল টিভি ও ওয়াইফাই ব্যবসা পরিচালনা করে আসছিলেন নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ।

৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় বর্তমানে তিনি কারাগারে আছেন। তাঁর অনুপস্থিতির সুযোগে ওই ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করেন যুবদল নেতা মনু ও গালিব।

ক্যাবল ওয়ান নেটওয়ার্ক কর্তৃপক্ষের দাবি, ব্যবসা তাঁদের কাছে হস্তান্তরের জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ করা হয়। রাজি না হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি নগরীর কামাল কাছনা এলাকায় কেবল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ঘটনায় থানায় আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয় এবং সংবাদ সম্মেলন করে নিরাপত্তা চাওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে ক্যাবল ওয়ান কর্তৃপক্ষ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। দাবিগুলো হলো—ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের অতি দ্রুত গ্রেপ্তার করা, প্রতিষ্ঠানের পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে হবে।

এ ব্যাপারে কথা বলতে যুবদল নেতা মনুর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে তামজিদুর রশিদ গালিব বলেন, ‘২০১৫ সালে যখন আমি কারাগারে ছিলাম, তখন আমার ওই লাইনের ব্যবসা দখল করে হারুন। আমি আমার হক আদায় করে নিচ্ছি। আমি কোনো অন্যায় করছি না, কাউকে মারতে যাইনি। আলোচনার মাধ্যমে মৌখিকভাবে কথা বলেছি।’

এ বিষয়ে মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, ক্যাবল ওয়ানের রায়হান আহমেদ পরাগ বাদী হয়ে যুবদল নেতা মনু, গালিবসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, কিন্তু এখন কেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত