
রংপুর নগরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে ইট, বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন যানের চালক ও যাত্রীদের। নিয়মবহির্ভূতভাবে সড়ক দখল করে দীর্ঘদিন ধরে নির্মাণসামগ্রী রাখা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই বলে অভিযোগ স্থানীয়দের।
গত মঙ্গলবার মুন্সিপাড়া, গোমস্তাপাড়া, কেরানীপাড়া, পালপাড়াসহ নগরের ব্যস্ততম ছয়টি সড়ক ঘুরে দেখা গেছে, সড়কে নির্মাণসামগ্রী এলোমেলোভাবে রেখে দেওয়া হয়েছে। কোথাও ইটের স্তূপ, কোথাও আবার বালু কিংবা পাথরের পাহাড় বানিয়ে রাখা হয়েছে ফুটপাত ও সড়কের ওপর। ফলে এসব এলাকায় রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। যান চলাচলে বিঘ্ন ঘটছে।
নগরীর মুন্সিপাড়া-কেরানীপাড়া সড়কের মুন্সিপাড়া অংশে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সামনে বালু-পাথর রেখে এক-তৃতীয়াংশ রাস্তা দখল করে রেখেছেন স্থানীয় দলিল লেখক দীপু। সড়ক সংকুচিত হওয়ায় একপাশের গাড়ি পার হওয়ার জন্য অন্য পাশের গাড়িকে অপেক্ষা করতে হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে যানজটের।
মুন্সিপাড়ার বাসিন্দা ওবায়দুর রহমান বলেন, ‘সড়কের দুই পাশে বালু-পাথর স্তূপ করে রাখা হয়েছে। হেঁটে যাওয়া দুষ্কর হয়ে গেছে। দীর্ঘদিন ধরে সড়ক দখল করে বালু, পাথর, ইট রাখলেও সিটি করপোরেশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
কথা হয় প্রাইভেট কারচালক রাশেদ ইসলামের সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, ‘শহরে প্রধান রাস্তায় অটোর জন্য যাওয়া কষ্টকর। আর শহরের ভেতরের রাস্তাগুলোতে বালু-পাথর রাখার জায়গা বানানো হয়েছে। এতে ২০ মিনিটের পথ ১ ঘণ্টায়ও যাওয়া যাচ্ছে না।’
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ভবনের কেয়ারটেকার জাকির হোসেন বলেন, ‘ভাই বাধা দিলেও কেউ শোনে না। যে যার মতো সড়কে বালু, ইট-পাথর রেখে যায়। অনেক সময় গভীর রাতে এসব সামগ্রী সড়কে রাখার কারণে কেউ দেখে না।’ এ বিষয়ে কথা বলার জন্য দলিল লেখক দীপুর মোবাইল ফোনে কল করা হলেও বক্তব্য নেওয়া যায়নি।
শহরের জাহাজকোম্পানী থেকে কেরামতিয়া মসজিদ পর্যন্ত সড়কের প্রায় এক-তৃতীয়াংশে বালু ও পাথর রাখা হয়েছে। এ কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
গোমস্তাপাড়ার শিক্ষার্থী জাহানুর ইসলাম বলেন, রংপুর শহরে ফুটপাত দিয়ে হাঁটার কোনো উপায় নেই। সব জায়গায় ইট-বালু রাখা। কোথাও আবার দোকানপাট। এগুলো নিয়ে সিটি করপোরেশনের কোনো মাথাব্যথা নেই।
অটোচালক রায়হান হোসেন বলেন, ‘এমনিতেই রাস্তা ছোট। তার ওপর ইট-পাথর থুইয়া আরও সরু বানাইছে। এগলাত নাগি প্রায় রিকশা উল্টি যায়ছে। হাত-পাও ছিলি যায়ছে। তাও কায়ও দেখেছে না। আর হামরা অল্পে আনা অনিয়ম করলে পুলিশ ফাইন করে।’
এ বিষয়ে জানতে চাইলে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, ‘সড়ক দখল করে কোনোভাবেই ইট, পাথর, খোয়া, বালু রাখার নিয়ম নেই। এগুলো দেখভালের জন্য আমাদের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতাও দরকার।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে