
রাজশাহীতে বিএনপির মঞ্চে নিয়মিত পারফর্ম করছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার। বিএনপির অনুষ্ঠান হলেই গান গাওয়ার জন্য ডাক পড়ছে গৌরবের। এ নিয়ে বিএনপির তৃণমূলের অনেক নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করছেন।
গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ৫ আগস্ট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে গান পরিবেশন করেন গৌরব। সবশেষ আজ রোববার রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনের মঞ্চেও গান পরিবেশন করতে দেখা গেছে গৌরবকে।
গৌরবের বাড়ি রাজশাহী শহরে। শ্বশুরবাড়ি নাটোরের সিংড়ায়। সিংড়ার একজন সাংবাদিক জানান, গৌরবের স্ত্রী সেতু এলাকার সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফুফাতো বোন। পলক প্রতিমন্ত্রী থাকাকালে গৌরবকে ‘নগদ’-এ চাকরিও দিয়েছিলেন।
গৌরবের ফেসবুক ঘেঁটে দেখা গেছে, পলকের সঙ্গে তাঁর অসংখ্য ছবি রয়েছে। ২০১৮ সালের ১৫ ডিসেম্বর গৌরব একটি ছবি পোস্ট করেন, সেখানে তাঁর নিজের ছবির সঙ্গে লেখা রয়েছে, ‘নৌকা মার্কায় ভোট দিন।’ ছবিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোগ্রামও রয়েছে। ২০১৯ সালের ৬ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী পলকের একটি ছবি পোস্ট করেছেন। এই ছবির ক্যাপশনে তিনি পলককে নিয়ে লেখা একটি কবিতাও দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে পলকের পাশে ছবি তুলে পোস্ট করেছেন গৌরব।
সাবেক প্রতিমন্ত্রী পলকও বিভিন্ন সময় গৌরবের মিউজিক ভিডিও শেয়ার করে তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তাঁর স্ক্রিনশটও নিজের টাইমলাইনে শেয়ার করেছেন গৌরব। গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামকে ‘প্রগতিশীল পুলিশ কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করে তাঁর জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছেন গৌরব।
আজ সকাল থেকে রাজশাহীর মাদ্রাসা ময়দানসংলগ্ন মাঠে নগর বিএনপির সম্মেলন অনুষ্ঠানে গৌরবকে গান পরিবেশন করতে দেখা যায়। তখনই অনেক নেতা-কর্মীকে তাঁকে নিয়ে কানাঘুষা করতে দেখা যায়। নেতা-কর্মীদের অনেকেই তাঁকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

দলের স্থানীয় এক নেতা জানান, শুধু গৌরব একা নন, তাঁর পুরো পরিবার কট্টর আওয়ামীপন্থী। তাঁর স্ত্রী সেতুকে রাজশাহী আর্ট কলেজের শিক্ষক হিসেবে চাকরি নিয়ে দিয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গৌরব আওয়ামী লীগের বিভিন্ন প্রচার-প্রচারণার মঞ্চে গান গেয়েছেন। তাঁকে বিএনপির মঞ্চে দেখতে হবে, তা তাঁরা ভাবেননি।
গৌরবকে বিএনপির মঞ্চে দেখে ক্ষোভ প্রকাশ করে জসিম উদ্দিন নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে গান পরিবেশন করছেন সাবেক ছাত্রলীগকর্মী ও সাবেক মন্ত্রী পলকের বোন জামাই গৌরব হোসেন। গৌরব হোসেন একজন কট্টর আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রচার-প্রচারণামূলক অনুষ্ঠানে দায়িত্বে ছিল তার।’
তিনি আরও লেখেন, ‘সাবেক মন্ত্রী পলকের অর্থায়নে অনেক মিউজিক ভিডিও করেছেন। কট্টর আওয়ামী লীগ সমর্থক এই গায়ককে বিএনপির সম্মেলনে মঞ্চে গান গাইতে দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করে। তার স্ত্রী আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ে নিয়োগও নিয়েছে।’
গৌরব মঞ্চে থাকায় অভিযোগের বিষয়ে তাঁর সঙ্গে সরাসরি কথা বলা যায়নি। পরে দুপুরে ফোন করা হলে তাঁর নম্বরে সংযোগ পাওয়া যায়নি। তাই এই গায়কের কোনো মন্তব্য জানা যায়নি।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশাও ফোন ধরেননি। বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতকে ফোন করা হলে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক আসাদুল ইসলাম জানান, তিনি এখন বাসায় নেই। তাই তাঁরও বক্তব্য পাওয়া যায়নি। আজ সকাল থেকে মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠান শুরু হয়েছে। বেলা ২টা পর্যন্ত শিল্পীদের গান পরিবেশন করতে দেখা গেছে। বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
আরও খবর পড়ুন:

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৬ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১০ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে