যাত্রী-সংকটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ই-কার সেবা বন্ধ হয়ে গেছে। চালকদের দাবি, দৈনিক নির্ধারিত অর্থ পরিশোধের পর আয় না থাকায় এই সেবা টিকিয়ে রাখা তাঁদের পক্ষে সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিদ্যুৎ-চালিত গাড়ির (ই-কার) সেবা চালু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। গত বছরের ২৬ অক্টোবর পরীক্ষামূলকভাবে পাঁচটি গাড়ি দিয়ে সেবা শুরু হয়। তবে চালুর কয়েক দিনের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে দুটি গাড়ি বন্ধ হয়ে গেলে কার্যক্রম সীমিত হয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, কোম্পানিকে প্রতিদিন ১ হাজার ৫০০ টাকা জমা দিয়ে গাড়ি চালাতেন চালকেরা। সারা দিন যাত্রী পরিবহন করে যে ভাড়া পেতেন, সেটিই ছিল তাঁদের একমাত্র আয়। শুরুতে শিক্ষার্থীদের আগ্রহ থাকলেও ধীরে ধীরে যাত্রী কমে যায়। এতে দৈনিক খরচ তুলতেই হিমশিম খেতে হয় চালকদের।
এ ছাড়া ভাড়া নির্ধারণ নিয়েও জটিলতা তৈরি হয়। শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে বিরোধ দেখা দিলে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে। পরে নির্দিষ্ট কিছু স্টপেজের ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হলেও সেটি কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি। চালকেরা ভাড়া বৃদ্ধি বা স্টপেজভিত্তিক ভাড়া নিশ্চিতের দাবি জানালেও কোনো সমাধান না হওয়ায় তাঁদের মধ্যে অনাগ্রহ বাড়তে থাকে।

জানতে চাইলে ই-কার সেবার ম্যানেজার এনায়েত কবির লিখন বলেন, ‘আমরা একাধিকবার রুয়ার সঙ্গে আলোচনা করেছি। কিন্তু কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। কোম্পানিও পর্যাপ্ত মুনাফা না পাওয়ায় ক্যাম্পাসে সেবা চালিয়ে যেতে আগ্রহ দেখায়নি। ফলে শেষ পর্যন্ত সেবাটি বন্ধ হয়ে যায়।’
এনায়েত কবির লিখন আরও বলেন, রমজানের ছুটির মধ্যে কোম্পানির প্রতিনিধিরা ক্যাম্পাসে এসে ই-কার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। এরই মধ্যে তিনটি গাড়ি ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গাড়িগুলো বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ই-কারগুলোর টেকনিক্যাল সমস্যাও একটি বড় কারণ। ক্যাম্পাসের সব রাস্তায় চলাচলের কারণে গাড়িগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। এ ছাড়া মেরামতের জন্য প্রয়োজনীয় টেকনিশিয়ান রাজশাহীতে না থাকায় সমস্যা সমাধানে বিলম্ব হচ্ছে।
অধ্যাপক নিজাম উদ্দিন আরও বলেন, ৪ এপ্রিলের মধ্যে নতুন করে গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের জন্য পুনরায় পরিবহনসেবা চালুর পরিকল্পনা রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে