
মাঠভরা সোনালি ধানের ওপর ছড়িয়ে পড়ছে বিকেলের সূর্যের মিষ্টি আলো। ধানখেতের পাশে নারীদের কয়েকটি দল নতুন শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে। সবার হাতে কাস্তে। উপসহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার রেফারির মতো সামনে দাঁড়িয়ে বললেন—ওয়ান, টু, থ্রি। সঙ্গে সঙ্গে শুরু হলো কিষানিদের ধান কাটার প্রতিযোগিতা। বেশ খানিকটা জমির আমন ধান মুহূর্তেই কাটা শেষ।
আজ রোববার (১৬ নভেম্বর) পয়লা অগ্রহায়ণে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুরে নবান্ন উৎসবে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজশাহী শহরের মহিষবাথান এলাকার কৃষক মনিরুজ্জামান মনির এ গ্রামে জমি ইজারা নিয়ে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করছেন। একাধিকবার জাতীয় কৃষি পদকও পেয়েছেন। তাঁর উদ্যোগেই সাত বছর ধরে গ্রামে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। বরাবরের মতো এবারও এই আয়োজনে পুরো গ্রামের মানুষ অংশ নেন।
প্রথমেই গ্রামের শিশু-কিশোরীরা গাঁদা ফুল ছিটিয়ে অতিথিদের বরণ করে নেয়। পরে জাতীয় সংগীতের পর শুরু হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের ধান কাটার প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম হয় ওরিনা লাকড়ার দল। এবার প্রথম নয়, টানা পাঁচ বছর ধরেই প্রথম হচ্ছে তাঁর দল। আগে পাঁচজনের দল হতো। দুই বছর ধরে তিনজন করে। এবার ওরিনার সঙ্গে ছিলেন বিমলা বেগ ও স্বপ্না লাকড়া। প্রথম হয়ে তাঁরা বললেন, ‘ধান কাটতে কাটতে হাত চালু হয়ে গেছে। তাই আমরাই পাঁচ বছর ধরে প্রতিযোগিতায় প্রথম হয়ে আসছি।’
নবান্ন উৎসব উপলক্ষে এবারও গ্রামের বাড়িতে বাড়িতে পিঠাপুলি আর পায়েস রান্না করা হয়। এক মাস আগে থেকে গ্রামের কিশোরীরা নাচ অনুশীলন করে রাখে। বিকেলে ধান কাটার প্রতিযোগিতার পর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কিশোরীরা নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে মাটির স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অবদান রাখার জন্য রাজশাহীর পবার বিলকিস বানু ও বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমাকে নবান্ন সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহা. ফরিদ উদ্দীন খান, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের প্রভাষক মেহেরুন নেসা ও উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম। তাঁরা প্রায় হারাতে বসা এ নবান্ন উৎসব দেখে অভিভূত হন। এ ধরনের আয়োজন করার জন্য তাঁরা কৃষক মনিরুজ্জামানকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে মনিরুজ্জামান জানান, কর্মব্যস্ত প্রতিটা দিনের মাঝে একটা দিন সবাইকে একটু বিনোদন দিতেই এই আয়োজন। তিনি যত দিন এ গ্রামে থাকবেন, তত দিন আয়োজন করবেন এই উৎসব।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে