
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে কলেজছাত্র এক শিশুকে সংশোধনাগারে না পাঠিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক এ এস এম সাজ্জাদ হোসেন শিশুটিকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
জন্মনিবন্ধন অনুযায়ী ছেলেটির বয়স (১৬)। কিন্তু মামলার এজাহারে পুলিশ উল্লেখ করেছে ২০ বছর। বয়স কীভাবে নির্ধারণ করা হয়েছে জানতে চাইলে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘মামলার আরজিতে কাটছাঁট করার সুযোগ নেই। বাদী আরজিতে বয়স যেটা দিয়েছে, আমরা সেটাই দিয়েছি। তদন্ত করে আমরা যখন রিপোর্ট দেব, সে সময় কাগজপত্র যাচাই করেই নেব।’
মামলার বাদী হলেন দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, ‘আমি আমার মোবাইলে ফেসবুকে প্রতিমন্ত্রীকে নিয়ে একটি বিরূপ মন্তব্যের স্ট্যাটাস দেখেছি। অনেকেই দেখেছেন। ফেসবুকে প্রতিমন্ত্রীকে বিরূপ মন্তব্য করায় মামলাটি করেছি।’ আসামির বয়স কত এবং কীভাবে নির্ধারণ করেছেন জানতে চাইলে আব্দুস সালাম বলেন, আসামির বয়স ২০ বছর। মামলা হয়েছে। কোর্টে জবাব দেব, এই বলে ফোন কেটে দেন।
ম্যাজিস্ট্রেট কর্তৃক কারাগারে পাঠানো ছেলেটির জন্মনিবন্ধন অনুসারে বয়স ১৬ বছর ১১ মাস। ২০১৩ সালের শিশু আইনের ৪ ধারা অনুযায়ী ১৮ বছরের নিচে সবাই শিশু। ছেলেটি দেবীগঞ্জ উপজেলার সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
অভিযোগ রয়েছে, সে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর একটি ভিডিও শেয়ার করে সেখানে ক্যাপশন ব্যবহার করে। পোস্টের ক্যাপশনে সে লেখে, ‘গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়। এই গাঁজাখোর নাকি আমাদের এলাকার এমপি।’
বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা সৃষ্টি হলে শুক্রবার মধ্যরাতে শিশুটিকে আটক করে পুলিশ। পরে আদালতে হাজির করলে আদালত শিশুটিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে আটক করে পুলিশ। শনিবার সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের করা মামলায় ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হয়।
পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, এ ধরনের মন্তব্য প্রতিমন্ত্রীকে হেয়প্রতিপন্ন করার জন্য করা হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, স্থানীয় এক ব্যক্তি রাতে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ দেয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী আজ তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ছেলেটির বাবা আশরাফুল বলেন, ‘আমার ছেলের বয়স ১৬ বছর। আমি থানায় সার্টিফিকেট ও জন্মনিবন্ধন নিয়ে গিয়েছিলাম। পুলিশ আমাকে বলেছে, যতটা করা সম্ভব করবে। পরে মামলার কাগজে দেখি বয়স ২০ বছর দিয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে