
পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিকশাচালক আল আমিনকে হত্যা ও লাশ গুমের মামলায় সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকালে তাঁকে জেলার চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন। তিনি বলেন, আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে ঢাকা থেকে সাবেক রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনকে পঞ্চগড়ে আনা হয়। আজ সকালে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সকাল ১০টায় প্রথমে তাঁকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ হত্যা ও লাশ গুমের অভিযোগের মামলায় আদালতের কাছে নুরুল ইসলাম সুজনের জামিনের বিরোধিতা করে। আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করেন। পরে তাঁকে আবার পঞ্চগড় কারাগারে পাঠানো হয়।
মামলা থেকে জানা গেছে, নিখোঁজ রিকশাচালক আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে গত ১০ নভেম্বর পঞ্চগড় সদর থানায় মামলা করেন। এর আগে গত ৫ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন আল আমিন। দুপুরে দুই তরুণের সঙ্গে বাড়ি ফেরার পথে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারীর বাড়ির সামনে আওয়ামী লীগের নেতাদের নির্দেশে রিকশাচালকের ওপর হামলা চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আল আমিনকে এলোপাতাড়ি আঘাত করা হয়। এরপর তাঁকে টেনেহিঁচড়ে ছাত্রলীগ নেতা সাদমান সাকিবের বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় আল আমিনের সঙ্গে থাকা রায়হানুল ইসলাম রিফাত ও সুজন ইসলাম নামের দুই তরুণ আহত হন। তবে তাঁদের দুজনকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলেও আল আমিনকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই আল আমিনকে খুঁজছিল তাঁর পরিবার। খোঁজ না পেয়ে ১৪ আগস্ট পরিবারের পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। পরে ১০ নভেম্বর আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় এই মামলা করেন। মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামসহ আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
নিখোঁজ আল আমিন পঞ্চগড় পৌরসভার দরজিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। তাঁর চার বছর বয়সী একটি মেয়ে আছে। আল আমিন পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া আল আমিন নামের এক রিকশাচালককে হত্যা ও লাশ গুমের মামলায় সাবেক রেলপথ মন্ত্রীকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়েছেন, আমরা সরকারপক্ষ থেকে জামিনের বিরোধিতা করেছি। আদালত আসামির জামিন নামঞ্জুর করেছে। এই আসামির বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা আসছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে