
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বৃদ্ধ মায়ের ওপর নির্যাতন ও খাবার না দেওয়ার অভিযোগে এক যুবককে গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে পুরো বাজার ঘোরানোর ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম মোহাম্মদ সহিদ। তিনি একই ইউনিয়নের চিলাদি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক বাড়িতে ছাগলের মাংস রান্না করার পর তাঁর বৃদ্ধ মাকে এক টুকরাও খেতে দেননি। উল্টো মা যখন খাবারের আকুতি জানান, তখন তাঁকে নির্মমভাবে মারধর করেন। বিষয়টি নিয়ে তাঁর মা স্থানীয় বাসিন্দাদের কাছে অভিযোগ দিলে গতকাল শনিবার রাতে তাঁকে চৌকিদার (গ্রামপুলিশ) দিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। পরে আজ সকালে এ ঘটনার ভিডিও দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সহিদের গলায় কলসি ঝুলিয়ে রাখা হয়। এরপর কলসিতে পানি ভরে পুরো বাজার প্রদক্ষিণ করানো হয়। এ সময় ওই যুবককে দিয়ে উচ্চস্বরে বলানো হয়— ‘এই শাস্তি কিসের লাইগা? মারে মারার লাইগা।’
ভিডিওতে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমানকে ওই যুবকের পাশে বেত নিয়ে দেখা যায়। তিনি উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘কোনো লোক যদি মাকে ভাত না দেয় বা মারধর করে, তবে তাকে পুলিশে দেওয়ার দরকার নেই। আমরা এখানেই বিচার করব। এই লোক এখন গোটা বাজারে হাঁটবে আর চিৎকার করে নিজের অপরাধ স্বীকার করবে।’
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, প্রাথমিকভাবে সতর্কতার জন্য যুবককে এভাবে শাস্তি দেওয়া হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।
এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বৃদ্ধ মায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে এই সামাজিক শাস্তির প্রশংসা করছেন আবার অনেকে মনে করছেন, এ ধরনের প্রকাশ্য শাস্তির বদলে আইনগত ব্যবস্থার মাধ্যমে বিচার হওয়া উচিত ছিল।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে