
ঝড়ের সময় বিছানায় ছিলেন লালমিয়া। হঠাৎ ভয়ার্ত শব্দে চোখ খুলতেই দেখেন ঘরের টিনের ছাউনি উড়ে গেছে। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় ঘরবাড়ি। এখন খোলা আকাশের নিচেই কাটছে পরিবার নিয়ে তাঁর দিনরাত।
৪০ বছর বয়সী লালমিয়া নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়াপাড়ার লুৎফর রহমানের ছেলে। তার দুটি সন্তান, একজন চতুর্থ শ্রেণিতে পড়ে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে লালমিয়া কোনো কাজ করতে পারেন না। সংসার চলে তাঁর স্ত্রী আনুফা বেগমের আয়ে। আনুফা স্থানীয় একটি কারখানায় দিনমজুরের কাজ করেন। কিন্তু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পর থেকে কাজেও যেতে পারছেন না তিনি।
রোববার (১২ অক্টোবর) সকালে তাঁদের বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙা টিনের ঘরের পাশে বসে আছেন লালমিয়া। তাঁর পাশে স্ত্রী ও দুই সন্তান। বিছানায় ধুলোবালু জমে রয়েছে। ভাঙা চেয়ার-টেবিল পড়ে আছে ছড়িয়ে-ছিটিয়ে।
লালমিয়া বলেন, ‘আমি প্রতিবন্ধী মানুষ। কিছুই করতে পারি না। ঝড়ে ঘরটা একেবারে উড়ে গেছে। এখন থাকার জায়গা নাই। টাকার অভাবে ঘর মেরামত করতে পারছি না। সাত দিন ধরে খোলা আকাশের নিচে আছি। কেউ যদি সাহায্য করে, তাহলে ঘরবাড়ি মেরামত করতে পারব।’
লালমিয়ার স্ত্রী আনুফা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে ঘুমাতে পারি না। কুয়াশায় শরীর ভিজে যায়, বাচ্চারা ঠান্ডায় কাঁপে। কাপড়চোপড়, বইখাতা সব নষ্ট হয়ে গেছে। বাচ্চাটা স্কুলেও যেতে পারছে না। সমাজের কেউ পাশে দাঁড়ালে ঘরটা ঠিক করে আবার থাকতে পারব।’
স্থানীয় বাসিন্দা মিস্টার রহমান বলেন, ‘লালমিয়া আমাদের গ্রামের সবচেয়ে গরিব মানুষ। তিনি প্রতিবন্ধী, কাজ করতে পারেন না। হঠাৎ ঝড়ে তাঁর টিনের ঘরটা পুরো উড়ে গেছে। এখন পরিবারটা খোলা আকাশের নিচে আছে। প্রশাসন যদি সহায়তা করে, তাহলে ওরা ঘরটা ঠিক করতে পারবে।’
গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব আলী বলেন, ‘বিষয়টি জানি। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে পরিবারটিকে সহায়তা করার চেষ্টা করা হবে।’
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। লালমিয়ার পরিবারের বিষয়টি জেনে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর সকালে জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়াপাড়া গ্রামের ওপর দিয়ে কয়েক মিনিটের তীব্র ঝড় বয়ে যায়। এতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ধান, কলা, ভুট্টা, পেঁয়াজ, রসুন ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে এবং কিছু দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে