
নেত্রকোনার কলমাকান্দায় বকেয়া টাকা চাওয়ায় চা-দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আইয়ুব ম্রংকে (৬৫) আটক করে থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ৩টার দিকে খারনৈ ইউনিয়নে গোবিন্দপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত চা-দোকানি হলেন উপজেলার খারনৈ ইউনিয়নের খারনৈ গ্রামের কালাদিওর ছেলে পুলিনুস দারিং (৪৫)। অভিযুক্ত আইয়ুব ম্রং উপজেলার গোবিন্দপুর গ্রামের কেলন ম্রংয়ের ছেলে।
নিহত ব্যক্তির পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর বাজারে চায়ের দোকান রয়েছে পুলিনুস দারিংয়ের। পাশের গ্রামের আইয়ুব ম্রং ওই দোকান থেকে বাকিতে চা খেতেন। দীর্ঘদিন ধরে বকেয়া টাকা দিচ্ছিলেন না আইয়ুব ম্রং। আজ বিকেলে পুলিনুস দারিংয়ের দোকানে চা খেতে যান আইয়ুব ম্রং। এ সময় বকেয়া টাকা চাওয়ায় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। উপস্থিত লোকজন ঝামেলা মিটিয়ে দেন। কিছুক্ষণ পরে আইয়ুব ম্রং বাড়ি থেকে ছুরি নিয়ে গিয়ে দোকানে ঢুকে পুলিনুস দারিংকে আঘাত করেন।
পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় পুলিনুসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আইয়ুব ম্রংকে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
নিহত ব্যক্তির ছেলে ইমন চিসিম বলেন, ‘বিকেলে আমি চায়ের দোকানে যাই। এ সময় চা খেতে আইয়ুব ম্রং দোকানে আসেন। বাবা তাঁর কাছে বকেয়া টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। আমি দুজনকে শান্ত করি। আইয়ুব ম্রংকেও বাড়িতে পাঠিয়ে দিই। পরে আমি নিজেও বাড়িতে চলে আসি। পরে আইয়ুম ম্রং ছুরি নিয়ে আসেন এবং বাবার বুকের বাঁ পাশে একটি আঘাত করেন। তাঁর ডাকচিৎকারে গিয়ে দেখি, বাবার বুক থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। স্থানীয় লোকদের সহায়তায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযুক্ত আইয়ুব ম্রং পুলিশ হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে