
সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫০ শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা একাই নিচ্ছেন প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী। আজ বুধবার দুপুরের দিকে মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
দেখা যায়, বিদ্যালয়ের অফিসকক্ষ ফাঁকা পড়ে আছে, কোনো সহকারী শিক্ষককে পাওয়া যায়নি, তবে বিদ্যালয়ের সামনে অনেক অভিভাবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অভিভাবকেরা বলেন, ‘সকালে কয়েকজন ম্যাডাম আসছিল, তবে প্রধান শিক্ষক পরীক্ষা শুরু করলে তারা স্কুল থেকে চলে যায়।’
প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী বলেন, ‘সহকারী শিক্ষকদের আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা চাই, তাঁদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমার জবাবদিহিতার জায়গা থেকে পরীক্ষা নিতে হচ্ছে। তা ছাড়া ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, সেই দিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী, অভিভাবক ও আমার অফিস সহায়কের সহযোগিতা নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছি।’
শাহজাদা ওসমানী আরও বলেন, পাঁচটি শ্রেণির ৫১৭ শিক্ষার্থীর মধ্যে ৪৫০ জন আজ পরীক্ষায় অংশ নিয়েছে। সবার দায়িত্ব একা পালন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে উপস্থিত অভিভাবকেরা বলেন, ‘শুধু একজন শিক্ষক দিয়ে পাঁচটি ক্লাসের পরীক্ষা নেওয়া খুবই কষ্টকর। প্রধান শিক্ষক তাঁর দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ পেতেই পারেন। তবে এতে পরীক্ষার মান নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎও ঝুঁকিতে পড়ছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এতে ১৩ হাজারের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘আজকে উপজেলার অধিকাংশ স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষকেরা স্কুলের স্টাফদের নিয়ে পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সহকারী শিক্ষকেরা পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন। আমি তাঁদের অনুরোধ করেছি, যেন তাঁরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা কার্যক্রম আন্দোলনের বাইরে রাখেন। কিন্তু তাঁরা অনুরোধ না শুনে আন্দোলন অব্যাহত রেখেছেন।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে