
নাটোরের লালপুরে ছেলের সঙ্গে একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন এক মা। শিক্ষার কোনো বয়স নেই—এই বার্তাই যেন নতুন করে তুলে ধরেছেন ফুলঝুড়ি বেগম।
চলতি বছরের এসএসসি পরীক্ষা দিচ্ছেন নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা ফুলঝুড়ি বেগম ও তাঁর ছেলে মনিরুল ইসলাম। তাঁরা দুজনই মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের কম্পিউটার ট্রেডের শিক্ষার্থী। উপজেলার মধুবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে তাঁরা পরীক্ষায় অংশ নিচ্ছেন।
জানা যায়, পারিবারিক নানা প্রতিকূলতার কারণে সপ্তম শ্রেণিতে থাকতেই ১৯৯৭ সালে ফুলঝুড়ি বেগমের বিয়ে হয়। এরপর দীর্ঘদিন পড়াশোনা থেকে দূরে থাকলেও শিক্ষার প্রতি তাঁর আগ্রহ কখনো কমেনি। ছেলের পড়াশোনার অনুপ্রেরণায় আবারও বই হাতে তুলে নেন তিনি।
ফুলঝুড়ি বেগম বলেন, ‘সংসারের নানা কারণে সপ্তম শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। তবে পড়াশোনার ইচ্ছাটা সব সময় ছিল। পরে ছেলের সঙ্গে আবার ভর্তি হই। ছেলের পাশে বসে পড়তে পড়তেই সাহস পেয়েছি। এখন একসঙ্গে পরীক্ষা দিতে পারছি—এটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমি বুঝতে পেরেছি, পড়াশোনার জন্য বয়স কোনো বাধা নয়।’
ছেলে মনিরুল ইসলামও মায়ের এ উদ্যোগে গর্বিত। সে বলে, ‘মা শুধু মা নন, তিনি আমার সহপাঠীও। আমরা একসঙ্গে পড়েছি, এখন একসঙ্গে পরীক্ষা দিচ্ছি। এটা আমার জন্য অনেক গর্বের।’
ফুলঝুড়ি বেগমের স্বামী নজরুল ইসলাম বলেন, ‘ভ্যান চালানোর পাশাপাশি গরু-ছাগল পালন করে সংসার চালাই। বড় মেয়েকে নার্সিং পড়িয়েছি, সে এখন ঢাকার একটি ক্লিনিকে চাকরি করছে। এ বছর স্ত্রী ও ছেলে এসএসসি পরীক্ষা দিচ্ছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাহানুর ইসলাম বলেন, ‘শিক্ষা গ্রহণে বয়স নয়, ইচ্ছাশক্তিই সবচেয়ে বড় বিষয়—ফুলঝুড়ি বেগম সেটিই প্রমাণ করেছেন। মা-ছেলের এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।’
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন বলেন, ‘এটি শুধু লালপুর নয়, সারা দেশের জন্য নারী শিক্ষার ক্ষেত্রে একটি অনুকরণীয় উদাহরণ। বয়স কখনো শিক্ষার পথে বাধা হতে পারে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পড়াশোনায় সহযোগিতা করা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে