
নরসিংদীর শিবপুরে কাবিখা ও টিআর প্রকল্পের বিল জালিয়াতির মাধ্যমে ৫২ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের (পিআইও) দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৫২ লাখ টাকা।
দুজনকে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কার্যালয় থেকে আটক করা হয়। এ ঘটনায় পিআইও জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন।
অভিযুক্ত দুজন হলেন পিআইও কার্যালয়ের কার্য সহকারী (প্রকল্প) আরিফুল ইসলাম তুহিন (৩৫) এবং পিয়ন (আউটসোর্সিং) আশিক ভূঁইয়া (২৫)। তুহিন শিবপুর উপজেলা সদরের এবং আশিক উপজেলার খড়িয়া এলাকার বাসিন্দা।
পিআইও জাহাঙ্গীরের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তাঁর কার্যালয় থেকে ২০২৪-২৫ অর্থবছরের কাবিখা ও টিআর প্রকল্পের ১৯১টি বিল হিসাবরক্ষণ দপ্তরে জমা দেওয়া হয়। কিন্তু বাজেট না থাকায় এর মধ্যে ৮১টি বিল ২৬ জুন ফেরত আসে। বিষয়টি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার দৃষ্টিগোচর হলে তারা পিআইও কার্যালয়ে গোপনে অনুসন্ধান চালায়। সিসিটিভি ফুটেজসহ প্রাথমিক অনুসন্ধানে কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে সরকারি অর্থ জালিয়াতির মাধ্যমে উত্তোলনের প্রমাণ মেলে।
দুজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইওর স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ৮১টি বিলের টাকা উত্তোলন করে নিজস্ব হিসাবে জমা করেছিলেন। এসব তথ্য শিবপুর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনে উপস্থাপন করা হলে জেলা প্রশাসকের নির্দেশে গতকাল রাতে কার্যালয় থেকে পুলিশ অভিযুক্তদের আটক করে।
আজ মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা তাঁদের অপরাধ স্বীকার করেন এবং তাঁরা কাবিখা ও টিআর প্রকল্পের আত্মসাৎ করা মোট ৫২ লাখ ৭৮ হাজার টাকার মধ্যে ৫২ লাখ টাকা পুলিশের কাছে জমা দেন।
শিবপুর থানার ওসি আফজাল বলেন, পিআইওর অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৫২ লাখ টাকা জব্দ করা হয়েছে। এই ঘটনার মূল হোতা তুহিন। অভিযোগটি দুদকে প্রেরণ এবং অভিযুক্তদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে